US Open 2024: দুরন্ত প্রত্যাবর্তনে রুদ্ধশ্বাস জয়, ইউএস ওপেনের মিক্সড ডাবলস কোয়ার্টার ফাইনালে বোপান্না
US Open 2024: ইউএস ওপেনের পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছিলেন আগেই। এবার মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনালেও পৌঁছে গেলেন রোহন বোপান্না।
মিক্সড ডাবলস প্রি কোয়ার্টার ফাইনালে প্রথম সেটে হেরে যাওয়ার পরই দারুণভাবে প্রত্যাবর্তন করে অষ্টম বাছাই বোপান্না-সুতজিয়াদি জুটি। আজ রাতে ডাবলস কোয়ার্টার ফাইনাল ম্যাচ রয়েছে বোপান্নার।

ইন্দোনেশিয়ার আলদিলা সুতজিয়াদির সঙ্গে জুটি বেঁধে ইউএস ওপেন খেলছেন বোপান্না। প্রি কোয়ার্টার ফাইনালে তাঁদের প্রতিপক্ষ ছিল জন পিয়ার্স ও কাতেরিনা সিনিয়াকোভা। ১২ নম্বর কোর্টে প্রথম সেট বোপান্নারা হেরে যান ০-৬ ব্যবধানে। তিনবার বোপান্নাদের সার্ভিস ব্রেক করেন প্রতিপক্ষ জুটি।
দ্বিতীয় সেটে বোপান্নারা ঘুরে দাঁড়ান। যদিও এই সেটেও তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলে। একটা সময় স্কোরলাইন ৬-৬ থাকায় সেটটি গড়ায় টাইব্রেকারে। বোপান্নারা জিতে নেন ৭-৫ সেটে। তৃতীয় তথা নির্ণায়ক সেটে অস্ট্রেলিয়ান-চেক জুটিকে বোপান্না ও সুতজিয়াদি হারিয়ে দেন ১০-৭ ব্যবধানে।
আজ ডাবলস কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় বাছাই বোপান্না-ম্য়াথু এবডেন জুটির সামনে আন্দ্রেস মোলতেনি ও ম্যাক্সিমো গঞ্জালেজ। মিক্সড ডাবলসে নিজের ডাবলস পার্টনার এবডেনের বিরুদ্ধে নামতে হবে বোপান্নাকে। ৩ সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনালে বোপান্না-সুতজিয়াদির সামনে চতুর্থ বাছাই বারবোরা ক্রেজসিকোভা-এবডেন জুটি।
আজ নজর থাকবে ইউকি ভামব্রির দিকেও। তিনি ডাবলস প্রি কোয়ার্টার ফাইনালে নামবেন ভারতীয় সময় রাত সাড়ে ৮টা থেকে। ভামব্রি ও আলবানো ওলিভেট্টির জুটির প্রতিপক্ষ মার্সেল গ্রানোলার্স ও হোরাসিও জেবালস জুটি। যদিও ডাবলসের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছে এন শ্রীরাম বালাজি ও গুইডো আন্দ্রেওজ্জি জুটি।












Click it and Unblock the Notifications