US Open 2023: ইউএস ওপেনে আলকারাজের দাপট, সেমিফাইনালে স্প্যানিশ তারকার প্রতিপক্ষ কে?
উইম্বলডনের পর এবার ইউএস ওপেন। দাপট অব্যাহত কার্লোস আলকারাজের। জকোভিচের মতো তারকা থাকা সত্বেও কেন তিনি শীর্ষ বাছাই হিসাবে টুর্নামেন্টে নেমেছেন তা আরও একবার প্রমাণ করে দিলেন আলকারাজ। কোয়ার্টার ফাইনালের ম্যাচে দাপুটে জয় তুলে নিলেন স্প্যানিশ তারকা, সেইসঙ্গে খেতাব জয়ের দিকে আরও একাধাপ এগোলেন গতবারের চ্যাম্পিয়ন।
অ্যালেক্সান্ডার জেভেরেভকে হারিয়ে ইউএস ওপেনের সেমিফাইনালে উঠলেন কার্লোস আলকারাজ। ইউএস ওপেনের সেমি ফাইনালে জায়গা করে নিয়ে খেতাব জয়ের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলেন শীর্ষ বাছাই। কোয়ার্টার ফাইনালে আলেকজান্ডার জেরেভকে ৬-৩, ৬-২, ৬-৪ গেমে হারিয়েছেন স্প্যানিশ তারকা। স্কোর লাইনই বলে দিচ্ছে কতটা দাপুটে পারফরম্যান্স ছিল গতবারের চ্যাম্পিয়নের।

আর্থার অ্যাশ স্টেডিয়ামে জেরেভকে দাঁড়াতে দেননি আলকারাজ়। শুরু থেকেই ছন্দে খেলেন কয়েকমাস আগে উইম্বলডন চ্যাম্পিয়ন। আলকারাজ়ের গতিতে সমস্যায় পড়েন জেরেভ। ৬-৩ গেমে প্রথম সেট সহজেই জিতে যান আলকারাজ়। দ্বিতীয় সেট ৬-২ ফলে জিতে যান আলকারাজ।স্প্যানিশ তারকা কার্যত উড়িয়ে দিলেন জেরেভকে। আলকারাজের সামনে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারলেন না জেরেভ।
০-২ ফলে পিছিয়ে পড়েও তৃতীয় সেটে কিছুটা লড়াই করেন জেরেভ। একটা সময়ে জেরেভ কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিলেন গতবারের চ্যাম্পিয়নকে। দেখে মনে হচ্ছিল তৃতীয় সেটের ফয়সালা হবে টাইব্রেকারে। কিন্তু চ্যাম্পিয়নেরা হয়তো দুরন্তভাবেই প্রত্যাবর্তন করেন। একটি সুযোগ কাজে লাগিয়ে জেরেভের সার্ভিস ভাঙেন আলকারাজ। এরপর আর কোনও ভুল করেননি তরুণ স্প্যানিশ তারকা।

কোর্য়াটার ফাইনালে আরও একটি খেলায় রুবলেভের বিপক্ষে ৬-৪, ৬-৩ ও ৬-৪ ব্যবধানে মেদভেদেভ জয় পান। সেমিফাইনালে শীর্ষ বাছাই আলকারাজ়ের প্রতিপক্ষ তৃতীয় বাছাই ড্যানিল মেদভেদেভ। ফলে সেমিফাইনালের কিন্তু লড়াই কঠিন হতে চলেছে আলকারাজের জন্য।
মেয়েদের সিঙ্গলসে চীনের ঝেং কুইনওয়েনকে ৬-১ ও ৬-৪ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছেন দ্বিতীয় বাছাই বেলারুশের আরিনা সাবালেঙ্কা। ক্রম তালিকায় ১৭ নম্বরে থাকা ম্যাডিসন কিসের কাছে হেরে শেষ আট থেকে বিদায় নিয়েছেন নবম বাছাই চেক রিপাবলিকান মার্কেতা ভন্ড্রোসোভা।

ইতিমধ্যেই সেমিফাইনালে উঠেছেন জকোভিচ। এবারের যুক্তরাষ্ট্র ওপেনে জিততে পারলে মার্গারেটকে ছুঁয়ে ফেলবেন জোকার। রজার ফেডেরারের গ্র্যান্ড স্লামে সবচেয়ে বেশি বার সেমিফাইনালে ওঠার রেকর্ড ভেঙে দিয়েছেন সার্বিয়ান তারকা। ইউএস ওপেনে ৩৬ বছরের জোকারের ১৩তম সেমিফাইনাল। এর আগে মোট ৩বার খেতাব জিতেছেন। ইউএস ওপেনের ফাইনালে উঠলে এক ক্যালেন্ডার ইয়ারে চারটে গ্র্যান্ড স্লামের ফাইনালে ওঠার রেকর্ড করবেন।












Click it and Unblock the Notifications