অলিম্পিয়ার জন্যই টোকিও অলিম্পিক্স নিয়ে বড় সিদ্ধান্তের পথে সেরেনা
ফের কোর্টে ফিরছেন সেরেনা উইলিয়ামস। গত ফেব্রুয়ারিতে অস্ট্রেলীয় ওপেনে নাওমি ওসাকার কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিলেন ৩৯ বছরের এই টেনিস তারকা। তারপর আর কোর্টে দেখা যায়নি। তবে রোমে তিনি অনুশীলন শুরু করলেন। ইতালিয়ান ওপেনকে ফরাসি ওপেনের প্রস্তুতি হিসেবেই দেখছেন ক্রমতালিকায় বিশ্বের আট নম্বরে থাকা টেনিস তারকা সেরেনা।

তবে সোমবার তিনি ইঙ্গিত দিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে তিনি টোকিও অলিম্পিক্সের কোর্টে নামবেন না। সেরেনা এদিন রোমে সাংবাদিকদের বলেন, আমার মেয়ের বয়স তিন বছর। ওকে ছাড়া আমি ২৪ ঘণ্টা কাটাইনি কখনও। ফলে এতেই আমার টোকিওতে নামার ব্যাপারে প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেলেন। গত বছর টোকিও অলিম্পিক্স হওয়ার কথা ছিল। এবার হচ্ছে। কিন্তু টোকিও নিয়ে আমি ভাবার অবকাশই পাইনি। অতিমারি পরিস্থিতিতে অন্য অনেক বিষয়ে ভাবার ছিল। সর্বোপরি গ্র্যান্ড স্ল্যামের বিষয়টি রয়েছে যা আমার কাছে অত্যন্ত গুরুত্বের।

সেরেনা আরও বলেন, তরতাজা হয়ে কোর্টে ফিরছি, দেখতে হবে কেমন খেলতে পারছি। আশা করি, ভালো কয়েকটা ম্যাচ পাব। এরপরই গ্র্যান্ড স্ল্যাম রয়েছে, বরাবরই যাতে অংশ নিতে আমি রোমাঞ্চ অনুভব করি।গর্ভবতী অবস্থায় কোর্টে নেমে ২০১৭ সালে অস্ট্রেলীয় ওপেন জেতায় সেরেনার গ্র্যান্ড স্ল্যাম খেতাবের সংখ্যা ২৩। মার্গারেট কোর্টের ২৪টি মেজর ট্রফি জেতার রেকর্ড স্পর্শ করতে দরকার আর একটি খেতাব জয়। কন্যাসন্তানের জন্মের পর কোর্টে ফিরে চারটি গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে রানার-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল সেরেনাকে। তবে ২০১৭ সালের আগে ২৮টি মেজর টুর্নামেন্টের ফাইনাল খেলে মাত্র ছটিতে হেরেছিলেন তিনি।

গ্র্যান্ড স্ল্যামকে প্রাধান্য দিয়ে আর কন্যা অলিম্পিয়ার টানেই তাই অলিম্পিক্স ভাবনা থেকে নিজেকে দূরে রেখেছেন অলিম্পিক টেনিসে চারটি সোনাজয়ী সেরেনা। সেরেনার মতো ভেনাসও চারটি অলিম্পিক সোনার মালকিন।












Click it and Unblock the Notifications