Rafael Nadal: প্যারিস অলিম্পিক্সের আগে হোঁচট খেলেন নাদাল, অবসরের ইঙ্গিত দিলেন কিংবদন্তি স্প্যানিয়ার্ড
Rafael Nadal: প্যারিস অলিম্পিক্সে কার্লোজ আলকারাজের সঙ্গে জুটি বেঁধে নামবেন রাফায়েল নাদাল। সোনা জয়ের লক্ষ্যে। যদিও তার আগে হোঁচট খেলেন রাফা।
বাস্তাদ ওপেনের ফাইনালে নুনো বর্জেসের কাছে তিনি পরাস্ত হলেন। তারপরই আবেগঘন বক্তৃতায় দিলেন পেশাদার টেনিসকে বিদায় জানানোর আভাস।

নাদাল এদিন জানিয়ে দেন, আগামী বছর বাস্তাদ ওপেনে তাঁকে খেলোয়াড় হিসেবে হাজির থাকতে নাও দেখতে পারেন টেনিসপ্রেমীরা। তাতেই চর্চা তুঙ্গে, তাহলে কি চলতি মরশুমের শেষেই অবসর নেবেন কিংবদন্তি স্প্যানিয়ার্ড? ফাইনালে যে দর্শকরা লাগাতার তাঁর জন্য গলা ফাটালেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান নাদাল।
আজ ফাইনালে নাদাল স্ট্রেট সেটে পরাস্ত হন। বর্জেস জেতেন ৬-৩, ৬-২ সেটে। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে অবশ্য নাদালের দারুণ কামব্যাকের সাক্ষী থেকেছেন টেনিসপ্রেমীরা। যদিও বর্জেসের বিরুদ্ধে কার্যত দাঁড়াতেই পারলেন না নাদাল।
কোয়ার্টার ফাইনালে নাদাল ৪ ঘণ্টার থ্রিলার জেতেন মারিয়ানো নাভোনের বিরুদ্ধে। সেমিফাইনালে হারান দুজে আদুকোভিচকে। ফাইনালে তরতাজা হয়ে নামার জন্য ডাবলস সেমিফাইনাল খেলেননি রাফা। সেখানে তাঁর পার্টনার ছিলেন ক্যাসপার রুদ। যদিও ফাইনালে শেষরক্ষা হয়নি।
যোগ্য হিসেবে নুনো এই খেতাব জিতলেন বলে তাঁকে অভিনন্দন জানান রাফা। এরপর তিনি বলেন, এই দারুণ জায়গায় গত দেড় সপ্তাহ খুব ভালোভাবে উপভোগ করলাম। কোর্টে মজাও পেয়েছি। দীর্ঘ ম্যাচও খেলেছি। আজ আমার সেরা দিন ছিল না। তবে নুনোকে কৃতিত্ব দিতেই হবে। তিনি ভালো খেলে আমার কাজ কঠিন করে দেন।
বিগত কয়েক বছর ধরেই নাদালকে ভোগাচ্ছে চোট সমস্যা। তারই মধ্যে বারেবারেই কোর্টে কামব্যাক করছেন। এ জন্য পরিবার ও তাঁর টিমের প্রতিও কৃতজ্ঞতা জানালেন। বিশেষ করে খারাপ সময়ে পাশে থেকে মনোবল বাড়ানোর জন্য। টেনিসভক্তদের উপস্থিতিতে তিনি এনার্জি পান বলে জানিয়ে নাদাল বলেন, এখানে খেলা উপভোগ করি। তবে সম্ভবত আর এখানে কোর্টে ফেরা হবে না।












Click it and Unblock the Notifications