মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালের লড়াই। মহিলাদের কোয়ার্টার ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় টেনিস প্রেমীরা। শেষ চারে উঠার লড়াইয়ে এরিনা সাবালেঙ্কা খেলবেন এলিনা সোয়াইতোলিনার বিরুদ্ধে। অর্থাৎ ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি বেলারুশ বনাম ইউক্রেনের টেনিস খেলোয়াড়। খেলার বাইরেও যা বাড়তি গুরুত্ব দিচ্ছে ম্যাচটিকে।
চলতি ফরাসি ওপেনে কোর্টের বাইরেও একাধিক ঘটনার ঘনঘটা। তার মধ্যে রাজনৈতিক এবং কূটনৈতিক প্রভাবও রয়েছে। বেলারুশ বনাম ইউক্রেনের দুই মহিলা টেনিস তারকার ম্যাচ প্যারিসে লাল সুড়কির কোর্টে উত্তেজনাকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিচ্ছে।
চলতি ফরাসি ওপেনে দুরন্ত ছন্দে আছে সাবালেঙ্কা। প্রথম চারটি ম্যাচেই স্ট্রেট সেটে জিতেছেন। ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন ক্রমতালিকায় বিশ্বের দু'নম্বর টেনিস তারকা। এবার তাঁর সামনে শেষ চারে জায়গা করে নেওয়ার হাতছানি। সেই সঙ্গে খেতাবের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়াই লক্ষ্য সাবালেঙ্কার।
অস্ট্রেলিয়ান ওপেনেই কেরিয়ারে প্রথম গ্র্যান্ডস্লাম জয়ের স্বাদ পেয়েছেন তিনি। পারফর্ম্যান্সের সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন ফ্রেঞ্চ ওপেনেও। চতুর্থ রাউন্ডের ম্যাচে ইউএস ওপেনের পূর্বতন চ্যাম্পিয়ন স্লোয়ানে স্টিফেন্সকেও যে পরাজয়ের স্বাদ উপহার দিলেন তিনি।
সেমিফাইনালে ওঠার পথে এরিনা সাবালেঙ্কার প্রতিপক্ষ এখন এলিনা সোয়াইতোলিনা । কন্যা সন্তান জন্মদানের পর এটাই সোয়াইতোলিনা প্র প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টে অংশগ্রহণ। যেখানে শুরু থেকেই দারুণ খেলে শেষ আটে জায়গা করে নিয়েছেন।
সোয়াইতোলিনা প্রি-কোয়ার্টার ফাইনালে হারান দারিয়া কাসাতকিনাকে। তিনি স্পেনের বাসিন্দা হলেও জন্মেছিলেন রাশিয়ায়। কাসাতকিনার সঙ্গে হাত মেলাননি সোয়াইতোলিনা। রাশিয়া এবং বেলারুশের কোনও খেলোয়াড়ের সঙ্গেই হাত মেলান না তিনি। ভারতীয় সময় দুপুর সাড়ে ৩টে থেকে শুরু হতে পারে সেই ম্যাচ। জিতলেই সেমিফাইনালে ওঠার হাতছানি দুই তারকার সামনে।
মঙ্গলবার আরও একটি কোয়ার্টার ফাইনালের ম্যাচ রয়েছে। যেখানে ক্যারোলিনার মুখোমুখি হবে অ্যানাস্টেসিয়া।