French Open: জকোভিচ পিছিয়ে পড়েও ফরাসি ওপেনের সেমিফাইনালে, শেষ চারে সাবালেঙ্কা
ফরাসি ওপেনে খেতাব জয় থেকে আর দুই ধাপ দূরে নোভাক জকোভিচ। তবে দ্বাদশবার ফরাসি ওপেনের শেষ চারে পৌঁছতে তাঁকে বেশ কাঠখড় পোড়াতে হলো। পিছিয়ে পড়েও অভিজ্ঞতাকে সম্বল করে দারুণ কামব্যাক করলেন।
মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন আরিনা সাবালেঙ্কা। ক্যারোলিনা মুচোভাও শেষ চারের টিকিট পেয়েছেন।

বিশ্বের তিন নম্বর জকোভিচ এবার ফরাসি ওপেনে খেলছেন তৃতীয় বাছাই হিসেবেই। ২৩তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের আশা তিনি জাগিয়ে রাখলেন। যদিও ফাইনালে ওঠার জন্য় তাঁকে শক্ত চ্যালেঞ্জ সামলাতে হবে। সম্ভাব্য প্রতিপক্ষ শীর্ষবাছাই কার্লোস আলকারাজ কিংবা পঞ্চম বাছাই স্তেফানোস সিটসিপাস।
কোয়ার্টার ফাইনালে সার্বিয়ান জকোভিচের সামনে ছিলেন রাশিয়ার কারেন খাচানভ। এই দ্বৈরথ চলল ৩ ঘণ্টা ৩৮ মিনিট ধরে। প্রথম সেটে ৪-৬ ব্যবধানে হেরে যান জোকার। দ্বিতীয় সেটে ১৪টি আনফোর্সড এরর সমস্যা বাড়ায় জকোভিচের। যদিও টাইব্রেকারে প্রতিপক্ষকে দাঁড়াতে দেননি, এই সেট জেতেন ৭-৬ (৭-০) ব্যবধানে।

তৃতীয় সেট জকোভিচ ৬-২ ব্যবধানে জিতে নেন। চতুর্থ সেটেও একটা সময় স্কোরলাইন ছিল ৪-৪। কিন্তু শেষ অবধি জয় ছিনিয়ে নেন জকোভিচ। টানা আটটি পয়েন্ট জিতে ৬-৪-এ তিনি সেট তথা ম্যাচ জিতে নেন। সপ্তমবার ফরাসি ওপেন ফাইনাল খেলার বিষয়ে আত্মবিশ্বাসী জকোভিচ। তবে পার হতে হবে শক্ত বাধা।

এদিনই মহিলাদের সিঙ্গলসে বিশ্বের ২ নম্বর আরিনা সাবালেঙ্কা সেমিফাইনালের টিকিট আদায় করে নিলেন। তিনি থামিয়ে দিলেন বিশ্বের তিন নম্বর এলিনা স্ভিতোলিনার (Elina Svitolina) স্বপ্নের দৌড়ে। স্ট্রেট সেটে জিতলেন ৬-৪, ৬-৪ ব্যবধানে। সেমিফাইনালে তাঁর প্রতিপক্ষ ক্যারোলিনা মুচোভা।
ইগা সিয়নটেককে সরিয়ে বিশ্বের ১ নম্বর হওয়ার হাতছানিও রয়েছে সাবালেঙ্কার সামনে। মুচোভা ৭-৫, ৬-২ সেটে হারিয়েছেন আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভাকে।












Click it and Unblock the Notifications