অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে জকোভিচ, সানিয়া-দানিলিনা জুটির জয়, অব্যাহত অঘটনও
অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের সিঙ্গলসের তৃতীয় রাউন্ডে নোভাক জকোভিচ। ডাবলসে জিতলেন সানিয়া মির্জারা। বিদায় দ্বিতীয় বাছাই ক্যাসপার রুড ও ওন্স জাবেউরের।
অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের সিঙ্গলসে এগোলেন নোভাক জকোভিচ। মহিলাদের ডাবলসে জয় দিয়ে অভিযান শুরু করল সানিয়া মির্জা-আনা দানিলিনা জুটি। তবে পুরুষ ও মহিলাদের সিঙ্গলসের দ্বিতীয় বাছাই ক্যাসপার রুড ও ওন্স জাবেউর এদিন ছিটকে গেলেন দ্বিতীয় রাউন্ড থেকেই।

নোভাক জকোভিচ এদিন তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন এঞ্জো কোয়াকাউডকে হারিয়ে। চার সেটের লড়াই চলে ৩ ঘণ্টা ৪ মিনিট। জকোভিচ জেতেন ৬-১, ৬-৭ (৫-৭), ৬-২, ৬-০ ব্যবধানে। জকোভিচ খেলছেন চতুর্থ বাছাই হিসেবে। এদিন ছিটকে গিয়েছেন দ্বিতীয় বাছাই ক্যাসপার রুড। অবাছাই জেনসন ব্রুকসবি অঘটন ঘটান ৬-৩, ৭-৫, ৬-৭ (৪-৭), ৬-২ সেটে জিতে। দ্বাদশ বাছাই আলেকজান্ডার জেভরেভকে হারিয়ে দিয়েছেন মাইকেল মোহ। খেলার ফল ৬-৭ (১-৭), ৬-৪, ৬-৩, ৬-২ সেটে। অষ্টম বাছাই টেলর ফ্রিৎজকে পাঁচ সেটের লড়াইয়ে হারিয়ে দেন আলেক্সেই পপিরিন। ৪ ঘণ্টা ২ মিনিট ধরে চলা এই খেলার ফল ৬-৭ (৪-৭), ৭-৬ (৭-২), ৬-৪, ৬-৭ (৬-৮), ৬-২।
মহিলাদের সিঙ্গলসে সবচেয়ে বড় অঘটনটি ঘটিয়েছেন মার্কেতা ভন্দ্রৌসোভা। ফরাসি ওপেনের প্রাক্তন ফাইনালিস্ট এদিন ছিটকে দিলেন দ্বিতীয় বাছাই ওন্স জাবেউরকে। খেলার ফল ৬-১, ৫-৭, ৬-১। ১০২ মিনিট ধরে খেলাটি চলে। গত বছর উইম্বলডন ও ইউএস ওপেনের ফাইনাল খেলা তিউনিসিয়ান জাবেউর ৫০টি আনফোর্সড এরর করেন, আটবার তাঁর সার্ভ ভাঙেন প্রতিপক্ষ। শেলবি রজার্সকে হারিয়ে দিয়েছেন অ্যারিনা সাবালেঙ্কা। আমেরিকান কোয়ালিফায়ার কেটি ভলিনেটসের কাছে পরাস্ত হয়ে বিদায় নিয়েছেন নবম বাছাই ভেরনিকা কুদারমেতোভা।
সানিয়া মির্জা নিজের শেষ গ্র্যান্ড স্ল্যাম খেলছেন। তিনি জুটি বেঁধেছেন কাজাখস্তানের আনা দানিলিনার সঙ্গে। আজ সানিয়া-দানিলিনা জুটির জয় এলো ১ ঘণ্টা ১৫ মিনিটে। খেলার ফল ৬-২, ৭-৫। প্রথম সেট সানিয়ারা জিতে গিয়েছিবেন ২৫ মিনিটেই। দ্বিতীয় সেটেও তাঁরা এগিয়ে ছিলেন ৪-১ ব্যবধানে। যদিও এরপর হাঙ্গেরির দালমা গালফি ও আমেরিকার বার্নার্দা পেরা দারুণভাবে ঘুরে দাঁড়ান। টানা চারটি গেম জিতে ৫-৫ করে ফেলেন। এরপর প্রতিপক্ষের সার্ভ ব্রেক করে এবং নিজেদের সার্ভ থেকে প্রয়োজনীয় পয়েন্ট সংগ্রহ করে সানিয়া-দানিলিনা জুটি দ্বিতীয় রাউন্ডে পৌঁছে যায়। সানিয়াদের পরবর্তী প্রতিপক্ষ আলিসন ভ্যান উইটভ্যাঙ্ক ও অ্যানহেলিনা কালিনিনা জুটি। সানিয়ারা জিতলেও পুরুষদের ডাবলসের প্রথম রাউন্ড থেকে ছিটকে গিয়েছেন রামকুমার রমানাথন, তিনি জুটি বাঁধেন মেক্সিকোর মিগুয়েল অ্যাঞ্জেল রেইয়েস-ভারেলার সঙ্গে। ছিটকে গিয়েছে ইউকি ভামব্রি-সাকেত মিনেনি জুটিও।












Click it and Unblock the Notifications