ডিভিসির জলে কি বিপদ আসন্ন? বাঁকুড়ায় সরানো হল ২০ হাজার বাসিন্দাকে
আশঙ্কা ক্রমেই বাড়ছে। ডিভিসির ছাড়া জলে প্লাবনের আশঙ্কা ক্রমেই জোরালো হচ্ছে। এক লক্ষ কিউসেকের বেশি জল ইতিমধ্যেই ডিভিসি ছেড়ে দিয়েছে। পরিস্থিতি আঁচ করে ২০ হাজার বাসিন্দাকে সরিয়ে ফেলা হল।
দুর্গাপুর ব্যারেজ থেকে ফের জল ছাড়ল ডিভিসি। রবিবার নতুন করে জল ছাড়ায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বাঁকুড়ার বড়জোড়া ও সোনামুখী ব্লক এলাকার একাংশে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নজরদারি শুরু হয়েছে। দামোদর তীরবর্তী ওই এলাকার মানুষদের বার্তা দেওয়া হচ্ছে। ত্রাণ শিবিরে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে।

বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারিকে সঙ্গে নিয়ে এদিন দুর্গাপুর ব্যারেজ পরিদর্শনে যান জেলাশাসক সিয়াদ এন। পরিস্থিতি তিনি খতিয়ে দেখেন। জেলাশাসক বলেন, ডিভিসি-র পক্ষ থেকে দুর্গাপুর ব্যারেজ থেকে ইতিমধ্যে ১ লক্ষ ১২ হাজার কিউসেকের বেশি জল ছাড়া হয়েছে। এই জল ছাড়ার পরিমাণ আরও বাড়তে পারে।
ক্ষয়ক্ষতি এড়াতে দামোদর তীরবর্তী বড়জোড়ার মানাচর ও সোনামুখীর উত্তরচর, ডিহিপাড়া এলাকার দিকে নজর দেওয়া হচ্ছে। ওই সব এলাকার অন্তত ২০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। এই কথা তিনি জানান।
ঝাড়খণ্ডে নিম্নচাপ সরে গিয়েছে। ফলে প্রবল বৃষ্টিপাত হচ্ছে সেই রাজ্যে। ঝাড়খণ্ড রাজ্য থেকে বাংলায় জল ঢোকে। দামোদার উপত্যকা এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয় প্রায় প্রতি বছর। চলতি বছরেও বন্যার আশঙ্কা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। পরিস্থিতির দিকে নজর দিতে আবেদন জানিয়েছেন তিনি।
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে এই বিষয়ে দীর্ঘ বার্তা দিয়েছেন। অতীতের মতো এবারও 'ম্যান মেড বন্যা'র কথা বলেছেন তিনি।












Click it and Unblock the Notifications