West Bengal Panchayat Election 2023: বড় ধাক্কা! তৃণমূলে যোগ জয়ী বিজেপি নেত্রীর
West Bengal Panchayat Election 2023: পঞ্চায়েত ভোট পরবর্তী সন্ত্রাস অব্যাহত! ফলাফল প্রকাশের পর থেকেই বিভিন্ন জায়গা থেকেই অশান্তির খবর সামনে আসছে। একই সঙ্গে চলছে লাগাতার দলবদল। সিপিএম কিংবা বিজেপি প্রার্থী হয়েও জেতার পরেই শাসকদল তৃণমূলে যোগ। যা নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি!
আর এর মধ্যেই ফের একবার 'ফুল বদল' বাঁকুড়ায়। এবার ওন্দার কল্যাণী গ্রাম পঞ্চায়েতে বিজেপির প্রতীকে নির্বাচিত এক পঞ্চায়েত সদস্যা তৃণমূলে যোগ দিলেন। শুক্রবার কল্যাণী অঞ্চল তৃণমূল কার্যালয়ে বিজেপির প্রতীকে নির্বাচিত কাজল মই নামে ওই পঞ্চায়েত সদস্যার হাতে দলীয় পতাকা তুলে দেন ওন্দা ব্লক তৃণমূল সভাপতি উত্তম বীট। যা বিজেপির কাছে নিঃসন্দেহে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে ১১ আসন বিশিষ্ট কল্যাণী গ্রাম পঞ্চায়েতে ১০ টি আসনে জয়ী হয় তৃণমূল। মাত্র ১ টি আসনে বিজেপির প্রতীকে নির্বাচিত হন জনৈকা কাজল মই। এবার কাজল মই-ও শাসক দলে যোগ দেওয়ায় বিরোধী শূণ্য হয়ে পড়লো ওন্দার কল্যাণী গ্রাম পঞ্চায়েত।
তৃণমূলে যোগদানকারী পঞ্চায়েত সদস্যা কাজল মই এর দাবি, 'গ্রামের উন্নয়নের স্বার্থেই' তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন।
অন্যদিকে ওন্দা ব্লক তৃণমূল সভাপতি উত্তম বীটের দাবি, স্বচ্ছ ও নিরপেক্ষ ভোট হয়েছিল। 'ধমকানি চমকানি নয়', মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ ও তৃণমূলের স্বচ্ছতা দেখেই তাঁরা আমাদের দলে যোগ দিচ্ছেন। এখনও যে তিনটি পঞ্চায়েত ত্রিশঙ্কু অবস্থায় সেখানেও তাঁরাই বোর্ড গঠন করবেন বলে তিনি দাবি করেন ওই তৃণমূল নেতা।
এই প্রসঙ্গে ওন্দার বিজেপি বিধায়ক অমর নাথ শাখা বলেন, তৃণমূলের এটাই কালচার। জনতা জনার্দণের জনাদেশ সহ্য করতে পারছেন না বলেও মন্তব্য বিজেপি নেতার। তাঁর কথায়, বিধানসভাতেই তার প্রমাণ রয়েছে। তবে আগামী দিনে বিজেপিও ওই পথে হাঁটবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
বলে রাখা প্রয়োজন, বাঁকুড়া বিজেপির অন্যতম শক্তঘাঁটি। লোকসভা এবং বিধানসভাতে বঙ্গ বিজেপির জয়জয়কার দেখেছে এই জেলা। তবে পঞ্চায়েত নির্বাচনে এবার কার্যত বাঁকুড়াতে মুখ থুবড় পড়ল বিজেপি।












Click it and Unblock the Notifications