Lok Sabha Vote 2024: গানে গানে ভোট প্রচার, একতারা-ডুগডুগি বাজিয়ে পথে পথে ঘুরছেন স্বপন বাউল
'নিজের ভোট নিজে দাও/ভোট নষ্ট করোনা/ নির্ভয়ে ভোট দাও/পিছু কেউ হটোনা...'গেরুয়া আলখাল্লা, মাথায় পাগড়ি, কোমরে বাঁধা ডুগি আর হাতে একতারা নিয়ে গান গেয়ে এভাবেই ভোট দানে সাধারণ মানুষকে উৎসাহিত করতে রাজ্যের পথে প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন স্বপন দত্ত বাউল।
পূর্ব বর্ধমানের খাজা আনোয়ার বেড় এলাকার এই প্রবীণ বাউল শিল্পী লোকসভা ভোটের আগে ইতিমধ্যে নিজের জেলা সহ বেশ কয়েকটি জেলা চষে ফেলেছেন। এবার বাঁকুড়া হয়ে তাঁর গন্তব্য পুরুলিয়া। তার আগে শুক্রবার বাঁকুড়া জেলাশাসকের দপ্তর প্রাঙ্গন ও শহরের 'ব্যস্ততম' মাচানতলা এলাকায় তিনি বাউল গান গেয়ে ভোটদান বিষয়ক জনসচেতনতার কাজ করেন।

এদিন ভোট দানে সকলকে উৎসাহিত করার পাশাপাশি গানে সংশ্লিষ্ট সকলের কাছে অবাধ ও শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়া সম্পন্নের আবেদনও তিনি রেখেছেন। শিল্পী স্বপন দত্ত বাউলের এই ভূমিকায় খুশী শহরবাসীও। তাদের কথায়, শুধু আনন্দদায়ক নয়, ওই শিল্পীর কথা ও গানে আমরা ভরসাও পাচ্ছি
এদিন বাউল শিল্পী স্বপন দত্ত বাউল বলেন, এর আগের ভোট গুলিতেও আমি এভাবেই অবাধ ও শান্তিপূর্ণ ভোটের আবেদন জানিয়েছি। এবারও লোকসভা ভোটের প্রাক্কালে ওই একই উদ্দেশ্য নিয়ে গানের ডালি সাথে করে বেরিয়ে পড়েছি। ভোট দান আমাদের গণতান্ত্রিক অধিকার। জাতপাত, হিংসা, মারমারি নয়, প্রতিটি ভোটার যেন ভোটাধিকারের সুযোগ পায় সেই আবেদনই জানাচ্ছি। আর এতে সাধারণ মানুষের ভয়, ভীতি একদিকে কাটছে, অন্যদিকে মানুষ ভীষণ উৎসাহিত বলে তিনি জানান।
বাংলা সিনেমা দাদারকীর্তিতে ভোটের গান শুনেছেন সকলে। সেই গানে মুগ্ধ হয়েছিলেন অনেকেই। 'আয় ভোটার আয় ভোট দিয়ে যা' বসে সেসময় গান ব্যবহার করা হয়েছিল সিনেমায় এখন সেই রকম ভোটের গান শুনতে পাচ্ছেন। সময়ের সঙ্গে সঙ্গে ভোটের গানে পরিবর্তন এসেছে। এখন রাজনৈতিক দলগুলি প্রচারের জন্য আলাদা করে গান তৈরি করছেন। থিং সং তৈরি হচ্ছে প্রচারের।












Click it and Unblock the Notifications