ববি হাকিমকে শোকজ করতে বলুন, পাল্টা দাবি তুলে তৃণমূলকে কটাক্ষ শুভেন্দুর
" আগে ববি হাকিমকে শোকজ করতে বলুন। বাংলার মহিলারা 'মাল'? " এভাবেই প্রতিক্রিয়া দিলেন শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেস তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে। তাঁকে সেন্সর করার দাবি জানানো হয়েছে। প্রতিক্রিয়ায় ফিরহাদ হাকিমের প্রসঙ্গ টানলেন শুভেন্দু।
" আগে ববি হাকিমকে শোকজ করতে বলুন৷ তারপর আমাকে করতে বলবেন।" রাখঢাক না করেই জবাব দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। বাঁকুড়ার তালডাংরায় শেষ দিনের প্রচারে গিয়েছিলেন শুভেন্দু৷ সেখানেই রীতিমতো আক্রমণাত্মক মেজাজে তিনি।

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে ফের প্রশ্ন তুললেন শুভেন্দু। বাংলা থেকে চিকিৎসার জন্য ১০ লক্ষ রোগী বাইরে যায়। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি রাজ্য সরকার। স্বাস্থ্যসাথীর কার্ড ভুয়ো। বাঁকুড়া জেলায় কোনও চিকিৎসা পাওয়া যায় না৷ অভিযোগ বিরোধী দলনেতার।
বাঁকুড়ায় পানীয় জলের সমস্যা৷ প্রধানমন্ত্রীর নলবাহিত জলপ্রকল্প সেখানে চালু হয় না৷ গরম কালে তীব্র জলকষ্টে ভোগে সাধারণ মানুষ৷ সাধারণ মানুষের কোনও উপকার করেনি৷ ৫০০ - ৭০০ টাকা দিয়ে ভোট নিয়ে নিতে চায় তৃণমূল। দাবি শুভেন্দু অধিকারীর।
আসানসোল-দুর্গাপুর থেকে বাছাই করা গুণ্ডাদের পুলিশি পাহারায় নিয়ে যাওয়া হচ্ছে। এমন মারাত্মক অভিযোগ করেছেন শুভেন্দু। এদিন তিনি বলেন, " ১৩ তারিখ কোথাও ভোট লুট হলে ওই দিন সন্ধ্যা ছ'টার পর বিধায়ক-সাংসদদের নিয়ে বাঁকুড়া এসপি অফিসে অবরোধ করে বসে থাকব।" পশ্চিমবঙ্গকে তৃণমূল শেষ করে দিয়েছে, গণতন্ত্র নেই। জেলার জঙ্গলমহলে পুলিশরাজ চলছে বলেও তিনি দাবি করেন।
তালডাংরা বিধানসভা উপ নির্বাচনের শেষ দিনে তালডাংরা মার্কেট কমপ্লেক্সে বিজেপি প্রার্থী অনন্যা রায় চক্রবর্তীর সমর্থনে প্রচার করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ছিলেন প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও। পুলিশকে সঙ্গে তৃণমূল এখানকার শিলাবতী, জয়পণ্ডা নদীর বালি লুঠ করছে। অভিযোগ বিরোধী নেতার।












Click it and Unblock the Notifications