Lok Sabha Election 2024: শেখ শাহজাহানের সঙ্গে তুলনা! সৌমিত্র খাঁ-কে নিয়ে রণং দেহি সুজাতা
Lok Sabha Election 2024: পাঁচ বছরের ব্যবধান। সৌমিত্র খাঁ-র প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় ২০১৯ সালে বিষ্ণুপুর চষে ফেলে ভোট প্রচার করেছিলেন তৎকালীন স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ।
সৌমিত্র জেতেন। যদিও এর মধ্যে দুজনের দূরত্ব বাড়ে। ডিভোর্স হয়। সৌমিত্র বিয়েও সেরে ফেলেছেন। সুজাতা মণ্ডল এখন তৃণমূল কংগ্রেসে, বাঁকুড়়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। এবার তাঁর ডাক, ভোট দেবেন না সৌমিত্রকে।

আজ বাঁকুড়ায়র জয়পুর বিডিও অফিস সংলগ্ন মাঠে তৃণমূল কংগ্রেসের ব্রিগেডে জনগর্জন সভার প্রস্তুতি সভায় বক্তব্য রাখতে গিয়ে সৌমিত্রকে তুলোধনা করলেন সুজাতা। লম্পট, চরিত্রহীন, ধান্দাবাজ, মহিলাদের ভোগ করা সাংসদ বলে তীব্র কটাক্ষে বিঁধলেন।
বাঁকুড়া জেলার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের মা-বোনেদের সম্ভ্রম ও নিরাপত্তা সুনিশ্চিত করতে সৌমিত্রকে ভোট না দিয়ে ছুড়ে ফেলার ডাকও দিলেন। তিনি বলেন, লম্পট, চরিত্রহীন সাংসদকে একটি ভোটও দেবেন না। ভোট চাইতে এলে জিজ্ঞাসা করবেন, সাংসদ এলাকা উন্নয়ন তহবিলের ১৫ কোটি টাকা কোথায় গেল?
সেই সঙ্গে সৌমিত্র যে ১০ কোটি টাকা খরচের কথা বলেছেন সুজাতা এদিন ভোটারদের তারও হিসেব চাওয়ার পরামর্শ দিলেন। তিনি বলেন, ওই ১০ কোটি টাকা দিয়ে কোন মহিলাদের কোথায় নিয়ে গিয়েছিলেন সৌমিত্র? কীভাবে এই কয়েক বছরে তাঁর বিপুল সম্পত্তি হলো তা নিয়ে প্রশ্ন তোলেন সুজাতা।
সুজাতা বলেন, সন্দেশখালিতে যার নাম নিয়ে এখন আলোচনা, এখানকার সেই ব্যক্তি হলেন সৌমিত্র খাঁ। অর্থাৎ শেখ শাহজাহানের নাম মুখে না নিলেও শাহজাহানের সঙ্গেই সৌমিত্রর তুলনা টানলেন তিনি। বিজেপি কর্মীদের উদ্দেশে সুজাতার প্রশ্ন, সন্ধ্যা সাতটার পর সৌমিত্রকে ফোনে পাওয়া যায়? সুস্থ অবস্থায়? এরপর সৌমিত্রকে মাতাল বলেও কটাক্ষ করেন সুজাতা।
সৌমিত্র ২০১৪ সালে বিষ্ণুপুর থেকে তৃণমূল সাংসদ হয়েছিলেন। পরে বিজেপিতে যোগ দেন। ২০১৯ সালে তাঁকে প্রার্থী করে বিজেপি। সুজাতা বলেন, সাংসদকে বিষ্ণুপুরের পবিত্র মাটি থেকে ছুঁড়ে ফেলার অঙ্গীকার নিতে হবে। অনেক টাকা নিয়ে ভোট চাইতে আসবেন। মা লক্ষ্মীর কোনও রং হয় না। টাকা নিয়ে নেবেন। কিন্তু ভোট দেবেন না, করজোড়ে আহ্বান সুজাতার।
যদিও ফের প্রার্থী হওয়ার পর থেকেই জোরকদমে প্রচারে নেমে পড়েছেন সৌমিত্র। তৃণমূল প্রার্থী ঘোষণা না করায় কিছুটা অ্যাডভান্টেজ পজিশনেই রয়েছেন দু-বারের সাংসদ। আজও বেশ কিছু কর্মসূচিতে তিনি যোগ দেন। জয়ের ব্যবধান বাড়ানোর বিষয়েও আত্মবিশ্বাসী সৌমিত্র।












Click it and Unblock the Notifications