Bankura Bike Blast: বাইকে প্রবল বিস্ফোরণ, ছিন্নভিন্ন দেহ, এনআইএ তদন্তের দাবি করে চাঞ্চল্যকর পোস্ট শুভেন্দুর
Bankura Bike Blast: বাইক বিস্ফোরণে মৃত্যুর ঘটনা পুলিশ ধামাচাপা দিতে চাইছে দাবি করে শালতোড়ার চৌরাস্তা মোড়ে পথ অবরোধ বিজেপির। ৭২ ঘন্টার মধ্যে ঘটনার তদন্ত করে পুলিশের তরফে প্রকৃত সত্য সামনে আনতে না পারলে তাঁরা এন.আই.এ (NIA) তদন্তের দাবি জানাবেন বলে জানিয়েছেন।
প্রসঙ্গত, শুক্রবার রাতে শালতোড়ার লাপাহাড়ি মোড়ের কাছে একটি মোটর বাইকে বিস্ফোরণের (Bankura Bike Blast) ঘটনা ঘটে। পরে ওই ঘটনায় মৃত্যু হয় স্থানীয় ঝনকা গ্রামের জয়দেব মণ্ডল ওরফে বাবলু নামে এক ব্যক্তির। বিষয়টি রাতেই এক্স হ্যাণ্ডেলে প্রকাশ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তাঁর দাবি, গোটা বিষয়টি পুলিশের তরফে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এনআইএ-র ডিজি'কে বিষয়টিকে দেখার আবেদন শুভেন্দু অধিকারীর। অন্যদিকে, ইতিমধ্যে ওই বিস্ফোরণ স্থল ঘিরে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলের আশপাশ থেকে বেশ কিছু তার পুলিশ উদ্ধার করেছে বলে খবর।
ওই তার গুলি জিলেটিন স্টীকে ব্যবহার করা তার কিনা সেবিষয়টিও পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে বলে খবর এদিন পথ অবরোধ কর্মসূচীতে উপস্থিত বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল, স্থানীয় বিধায়ক চন্দনা বাউরীদের দাবি, রাতের ওই বিস্ফোরণের শব্দ ১০ কিলোমিটার এলাকা জুড়ে শোনা গেছে।
এই এলাকায় পাথর খাদান রয়েছে, সেখানে বিভিন্ন ধরণের বিস্ফোরক ব্যবহার করা হয়। কিন্তু এই বিপুল পরিমান বিস্ফোরক কোথা থেকে কোথায় আর কি কাজে ব্যবহারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তা স্পষ্ট হওয়া জরুরী। পুলিশের তরফে আগামী ৭২ ঘন্টার মধ্যে সাংবাদিক সম্মেলন করে বিষয়টি স্পষ্ট না করলে আন্দোলন কর্মসূচীর পাশাপাশি এন.আই.এ তদন্তের দাবিও তারা জানাবেন বলে জানান (Bankura Bike Blast)।

স্থানীয় বাসিন্দা শুভেন্দু মুখার্জী বলেন, বাড়িতে টিভি দেখছিলাম, হঠাৎ প্রচণ্ড জোরে একটা শব্দ পাই। পরে এই মৃত্যু সংবাদ পেয়েছি। তবে মৃত ব্যক্তি বিস্ফোরক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন কিনা তার জানা নেই বলে জানান।
যদিও বিস্ফোরক পরিবহনের দাবি অস্বীকার করেছেন মৃতের স্ত্রী সতীমা মণ্ডল। তিনি বলেন, বাড়ির গোরুর দুধ বিক্রি করে আমাদের সংসার চলে। ওই ধরণের বিস্ফোরক পরিবহন বা ব্যবসা কোন কিছুর সঙ্গেই তার স্বামী যুক্ত ছিলেন না বলেও তিনি দাবি করেন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।












Click it and Unblock the Notifications