ফ্লেক্সের আড়ালে অবৈধ নির্মাণ! অভিযুক্ত বাঁকুড়ার বিজেপি বিধায়ক দিলেন সাফাই
'উন্নয়নের খতিয়ান' দেওয়া ফ্লেক্সের আড়ালে রেলের জমি দখল করে নির্মাণকাজ করার অভিযোগ উঠল বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার বিরুদ্ধে। এবিষয়ে স্থানীয় একজন রেল কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেছেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যে নিজেদের জায়গায় দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে রেল কর্তৃপক্ষ। কিন্তু এই অবস্থায় বিজেপি বিধায়ক কী করে সেই রেলের জায়গাতেই 'অবৈধ' নির্মাণকাজ শুরু করেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
উল্লেখ্য, বিধায়ক নির্বাচিত হওয়ার আগে থেকেই বাঁকুড়া শহরের ভৈরবস্থান মোড়ে রেডিমেড পোশাকের দোকান রয়েছে নীলাদ্রি শেখর দানার। এই দোকান থেকেই নিজের বিধানসভা এলাকার যাবতীয় কাজকর্ম চালান তিনি। সম্প্রতি ওই দোকানের সামনের রাস্তার একদিকে ফ্লেক্স দিয়ে ঢেকে চুপিসারে রেলের জমিতে নির্মাণকাজ শুরু করেছেন বলে অভিযোগ।

কিন্তু কীসের জোরে পদ্ম বিধায়ক এই নির্মাণ কাজ শুরু করেছেন, সে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রভাব খাটিয়ে মেয়েকে কল্যাণী এইমসে চাকরি করে দেওয়ার অভিযোগের মধ্যেই বিধায়কের বিরুদ্ধে রেলের জমি দখলের অভিযোগ ওঠায় লোকসভা ভোটের আগে অস্বস্তিতে গেরুয়া শিবির। স্থানীয়দের একাংশের দাবি, বিধায়ক 'প্রভাব' খাটিয়ে এই কাজ করছেন। নিয়ম সবার ক্ষেত্রে এক হওয়া উচিৎ বলে তারা বলেছেন।
এব্যাপারে বিধায়ক নীলাদ্রি শেখর দানাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিগত ৪০ বছর ধরেই রেলের এই জায়গাতে তাঁর দোকান রয়েছে। দোকান ঘরের দোকানের দেওয়াল ফেটে গেছে। দুর্ঘটনা এড়াতে পুননির্মানের কাজ করছেন। কোন প্রভাব খাটানোর বিষয় নয়, রেল দপ্তর চাইলেই তিনি সেই নির্মাণ ভেঙে দেবেন বলে জানিয়েছেন।
বিষয়টি নিয়ে বাঁকুড়া তৃণমূল নেতা তথা বাঁকুড়া পুরসভার উপ পুররপ্রধান হীরালাল চট্টরাজ বলেন, মানুষ সব দেখছেন, কিন্তু রেল দপ্তরের নজর পড়ছে না। বস্তিবাসীদের সহজেই উচ্ছেদ করা যায়, কিন্তু বিধায়ক চাইলেই বড় দোকানঘর বানাতে পারেন। ওই বিধায়ক প্রভাব খাটিয়ে ক্ষমতার অপব্যবহার করছেন বলে তিনি অভিযোগ করেছেন।












Click it and Unblock the Notifications