শ্রাবণের শেষ দিন, মনসা পুজোতেও থিমের হিড়িক দেখা গেল বাঁকুড়া শহরে
বাঁকুড়া, পুরুলিয়া তথা রাঢ় বঙ্গের অন্যতম লৌকিক দেবী মনসা। দীর্ঘ ধারাবাহিকতা মেনে শনিবার শ্রাবণ সংক্রান্তিতে সকাল থেকে শুরু হয়েছে দেবীর আরাধনা। তবে সময়ের সঙ্গে মনসা পূজোতেও এসেছে বৈচিত্রের ছোঁয়া, লেগেছে থিমের পরশ। শুধুমাত্র বাঁকুড়া শহরেই 'বিগ বাজেটে'র পূজোর সংখ্যা কম নয়।
শহরের একের পর এক পূজো মণ্ডপ কোথাও ফুল তো কোথাও বাহারি আলোর মাধ্যমে সাজানো হয়েছে। এই বিষয়ে শিখরিয়া আদি পুরাতন পলালী পুজো কমিটির সদস্য মদন দাস বলেন, ১৯০৩ সালে এই পূজো শুরু, সেই হিসেবে চলতি বছরে ১২১ বছরে পদার্পণ করলো। এবার সাড়ে পাঁচ লক্ষ টাকা বাজেটের এই পূজোয় মৃলত ফুল ও আলো দিয়ে মণ্ডপ সজ্জা করা হয়েছে বলে তিনি জানান।

শহরের রাসতলা মনসা পূজা কমিটির সদস্য জয়দেব বাউরী বলেন, 'দুর্গাপুজো, কালীপুজোর মতোই আমরা মনসা পূজাতে আনন্দ করি। এবার ১১৭ তম বর্ষের পূজোতে বাজেট প্রায় ৫ লক্ষ টাকা বলে তিনি জানান।
পঃবঃ বাউরি কালচারাল বোর্ডের চেয়ারম্যান দেবদাস দাস বলেন, তপশীলি জাতির মানুষের কাছে সব থেকে বড় উৎসব মনসা পূজা। এই সময়টাতে কর্মসূত্রে যে যেখানেই থাকুননা কেন বাড়িতে তারা ফিরবেনই, তাছাড়া আত্মীয় স্বজনের যাওয়া আসা তো আছেই। একই সঙ্গে দুর্গাপূজার মতো মনসা পূজাতেও সরকারী অনুদান ও ওই দিন ছুটি রাখার আবেদন তিনি জানাবেন বলে জানান।












Click it and Unblock the Notifications