যেখানে হয়নি, সেখানে ফের সরস্বতী পুজো হবে, বিজেপি বিধায়কের নতুন দাবিতে শোরগোল বাঁকুড়ায়
যে সমস্ত স্কুলের শিক্ষকরা চাননি বলে সরস্বতী পুজো হয়নি, সেখানে গ্রামের মানুষের সঙ্গে কথা বলে ফের পুজো হবে। এমনই দাবি করলেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। বৃহস্পতিবার ওন্দা বাজারে মিছিল শেষে থানায় ডেপুটেশন কর্মসূচিতে যোগ দিয়ে তিনি একথা বলেন।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়েও অমরনাথ ওই ইস্যুতে বলতে গিয়ে ফের বলেন, যা কিছু ঘটছে তা রাজ্য সরকারের উদাসীনতা ও সমর্থনে। মুখ্যমন্ত্রী এই বিষয়ে কিছুই বলছেন না। তাঁর অভিযোগ, তৃণমূলের ক্যাডার কিছু শিক্ষক স্কুলে সরস্বতী পুজো করতে দেননি। কিন্তু গ্রামের মানুষের সঙ্গে আলোচনা করে ওই সমস্ত জায়গায় পুজো করা হবে বলেও তিনি দাবি করেছেন।

প্রসঙ্গত, বাঁকুড়ার বিষ্ণুপুর, সোনামুখী, বেলিয়াতোড়ের একাধিক স্কুলে সরস্বতী পুজা না হওয়ায় সম্প্রতি বিতর্ক তৈরি হয়। এমনকী কোনও কোনও ক্ষেত্রে প্রধান শিক্ষককে আটকে রেখে বিক্ষোভও দেখান অভিভাবকদের একাংশ।
বিজেপি বিধায়ক অমরনাথ শাখার সরস্বতী পুজো নিয়ে বক্তব্যের প্রেক্ষিতে বলতে গিয়ে তৃণমূল নেতা ও ওন্দা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিরুপ খাঁ বলেন, সরস্বতী পুজো বসন্ত পঞ্চমীতেই হয়। আর এই পুজো বাঙালির আবেগ। ওন্দার সমস্ত স্কুল কলেজে সাড়ম্বরে পুজো হয়েছে। এখন এই বিষয়ে বিতর্ক না তৈরি করে বিধায়ক হিসেবে উনি কী কাজ করেছেন, তার পরিসংখ্যান দিলে ভালো হয়।












Click it and Unblock the Notifications