Ram Navami 2024:সাক্ষাৎ রামলালা যেন, রামনবমীতে ভিড় টানছে প্রতাপবাগানের বিশ্বাস বাড়ি
রাম নবমীতে অযোধ্যার 'রামলালা' হাজির বাঁকুড়া শহরের প্রতাপবাগানের বিশ্বাস বাড়িতে! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি! এক পলক দেখলে মনে হবে সুদূর অযোধ্যা থেকে তুলে আনা হয়েছে সদ্য প্রতিষ্ঠিত রামলালাকে।
মেকআপের জাদুতে 'মডেল' হিসেবে নিজের ছেলেকে ব্যবহার করে রামলালাকে জীবন্ত করে তুলেছেন শিল্পী চৈতালী বিশ্বাস। শিল্পী চৈতালীর অসাধারণ এই হাতের কাজ মুহূর্তের মধ্যে চমকে দেবে আপনাকে। 'রামলালা' হিসেবে সাজার সুযোগ পেয়ে খুশি ছেলে আয়ুস্মান বিশ্বাসও। 'মাম্মাম' তার আব্দার রাখায় তার বেশ ভালো লাগছে বলেই সে জানিয়েছে।

শিল্পী চৈতালী বিশ্বাস বলেন, এই কাজে প্রায় ১০ ঘন্টা সময় লেগেছে। এমনই প্রায় সমস্ত উপকরণই বাড়িতে তৈরী। এখন দর্শক সাধারণের এই কাজ পছন্দ হলে তাঁর পরিশ্রম স্বার্থক হবে বলেই তিনি জানিয়েছেন।রামনবমী' উপলক্ষ্যে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বাঁকুড়াতেও। বুধবার সকালে ওই দুই সংগঠনের উদ্যোগে অযোধ্যা রামমন্দির ও রামলালার রেপ্লিকা সহ এই শোভাযাত্রায় অংশ নেন অসংখ্য মানুষ।
এদিকে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের পাঁচবাগা মোড় থেকে এই শোভাযাত্রা শুরু হয়ে মাচানতলা হয়ে লালবাজার হিন্দু স্কুল মাঠে শেষ হয়। এমনকি এদিনের এই শোভাযাত্রায় লাঠি খেলার ছবিও ধরা পড়ে উপস্থিত সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ক্যামেরায়। রামনবমীর এই শোভাযাত্রা উপলক্ষ্যে পুলিশের তরফে শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল।
আয়োজক সংগঠন গুলির পক্ষ থেকে আরও বলা হয়েছে, প্রশাসনের তরফে নির্দিষ্ট করে দেওয়া পথেই শোভাযাত্রা হয়েছে। অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর মানুষের মধ্যে 'বিভেদ' দূর হয়েছে, স্বতঃস্ফূর্তভাবেই সকলে এদিনের এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন বলেও তারা জানিয়েছেন।
এদিনের এই শোভাত্রায় শ্রীরামচন্দ্রের ছবি বুকে নিয়ে পথ হাঁটেন কেন্দ্রীয় মন্ত্রী ও বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকার। এদিন তিনি বলেন, আজকের রামনবমীর শোভাযাত্রা ধর্মের জয়ের সূচণা করেছে। ২০২৪ তেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অযোধ্যায় রামমন্দিরের দ্বারোদ্ঘাটন করেছেন। দেশের পাশাপাশি এরাজ্যেও ধর্মের জয় হয়েছে বলে তিনি দাবি করেন। অন্যদিকে, রামনবমী উপলক্ষ্যে বিজেপির উদ্যোগে মিছিল হয় সিমলাপালেও। সিমলাপাল শিলাবতী নদীঘাট থেকে স্কুল মোড় পর্যন্ত মিছিলে পথ হাঁটেন অসংখ্য মানুষ।












Click it and Unblock the Notifications