Amrit Bharat Scheme: যাত্রীদের জন্যে বড় খবর! দাবি মানল রেল! মঞ্জুর ২ কোটি ৩৫ লক্ষ ৭৫ হাজার টাকা
Amrit Bharat Scheme: বাংলার ট্রেন যাত্রীদের জন্যে দারুণ খবর! বহু প্রতিক্ষীত কাটজুড়িডাঙ্গা হল্ট স্টেশনের জন্যে অর্থ বরাদ্দ করল রেল দফতর। প্রায় ২ কোটি ৩৫ লক্ষ ৭৫ হাজার টাকা মঞ্জুর রেল দফতর করেছে। গত শুক্রবারই এই সংক্রান্ত চিঠি কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছ থেকে পেয়েছেন বলে জানালেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার।
আর এই খবর প্রকাশ্যে আসতেই আনন্দে মেতে ওঠেন সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরেই কাটজুড়িডাঙ্গা হল্ট স্টেশনের দাবি ছিল বাঁকুড়ার ( Bankura) মানুষের। অবশেষে সেই দাবি পূরণ হতে চলেছে। আর তাতেই আশার আলো দেখছেন সে জেলার মানুষ। শনিবার বাঁকুড়ায় এক সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন ডাঃ সুভাষ সরকার। আর সেখানেই একথা বলেন তিনি।

এই প্রসঙ্গে বলতে গিয়ে এদিন স্থানীয় বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার আরও বলেন, প্রথম পর্যায়ে এই হল্ট স্টেশন তৈরির জন্য তিনি তাঁর সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে দেড় কোটি টাকার কিছু বেশি বরাদ্দ করেছিলেন। এবার সরাসরি রেল দফতরের টাকাতেই ওই কাজ হবে বলে তিনি জানান।
শুধু তাই নয়, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার এদিন আরও বলেন, বাঁকুড়া স্টেশনেও ভোল বদলে যাবে। এসকেলটর পরিষেবা রেল দফতর মঞ্জুর করেছে বলে দাবি তাঁর। এছাড়াও বাঁকুড়ার 'কোল ডাম্পিং স্টেশন'কে জন বসতিবিহীন ভাদুল এলাকায় সরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তাব রেল মন্ত্রীকে তিনি দিয়েছেন বলেও জানান।
বলে রাখা প্রয়োজন, অমৃত ভারত স্টেশন (Amrit Bharat Scheme) স্কিমের আওতায় সাজানো হবে ভারতের স্টেশনগুলি। এই স্কিমের আওতায় দেশের মোট ৫০৮টি স্টেশনকে বেছে নেওয়া হয়েছে। আর সেই সমস্ত স্টেশনগুলি পুনর্গঠন করা হবে। আর সেই শিলান্যাস ইতিমধ্যে করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এই স্কিমে স্টেশনগুলিকে ঢেলে সাজানো হবে। আধুনিক পরিষেবা থেকে শুরু করে একেবারে পরিকাঠামোতে আমূল বদল আনা হবে। স্টেনগুলিতে রুফ প্লাজার ব্যবস্থাও থাকবে। ইতিমধ্যে এই স্কিমে ২৪,৪৭০ কোটি টাকা বরাদ্দ মোদী সরকার করেছে। আর সেই তালিকায় বাংলার একাধিক স্টেশন রয়েছে।












Click it and Unblock the Notifications