লক্ষ লক্ষ টাকা নয়ছয়ের অভিযোগ! রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভ ঠেকাতে পুলিশ
গ্রাহকদের টাকা নয়ছয়ের অভিযোগ উঠলো একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা কেন্দ্রের মালিকের বিরুদ্ধে। বাঁকুড়ার খাতড়া থানা এলাকার সুপুরের ঘটনা। টাকা ফেরতের দাবিতে শনিবার 'বন্ধ' হয়ে যাওয়া ওই গ্রাহক পরিষেবা কেন্দ্রে বিক্ষোভে সামিল হন 'প্রতারিত' গ্রাহকদের একাংশ ।
সংশ্লিষ্ট গ্রাহকদের তরফে জানানো হয়েছে, বেশ কয়েক বছর আগে সুপুর মোড়ে ভাড়া বাড়িতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের খাতড়া শাখার গ্রাহক পরিষেবা কেন্দ্র খুলে বসেছিল স্থানীয় বন পুকুরিয়া গ্রামের জনৈক অভয় দাস। স্থানীয় ওই গ্রাহক পরিষেবা কেন্দ্রেই আর্থিক লেনদেন করতেন। পরে বিভিন্ন গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে দফায় দফায় টাকা সরিয়ে ফেলার অভিযোগ ওঠে অভয় দাসের বিরুদ্ধে। সেই সময় বিষয়টি থানায় জানানো হয়।

পুলিশের মধ্যস্থতায় চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ১০ তারিখে সমস্ত টাকা ফেরতের কথা দেন তিনি। সেই মোতাবেক 'প্রতারিত' গ্রাহকরা 'বন্ধ' থাকা গ্রাহক পরিষেবা কেন্দ্রে আসেন। দীর্ঘসময় পরেও অভয় দাস না আসায় বিক্ষোভ দেখাতে থাকেন উত্তেজিত জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে খাতড়া থানার পুলিশ।
এদিন উপস্থিত পেশায় পুরোহিত সুকদেব মুখোপাধ্যায় বলেন, মেয়ের বিয়ের জন্য দু'দফায় এক লক্ষ টাকা জমা করেছিলাম। ফিক্সড ডিপোজিটের নাম করে জমা করা সেই টাকা তিনি ফেরৎ পাননি বলে অভিযোগ করেছেন তিনি।
পেশায় ফল ব্যবসায়ী গোপাল সাহু-র দাবি তাঁর অ্যাকাউন্ট থেকে দফায় দফায় মোট ৮০ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। জমা থাকা টাকা অভয় দাসের কাছে ফেরৎ চাইলে তা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তিনি তা পাননি বলে দাবি করেন।
ব্যবসায়ী কুমার গোস্বামীও বলেন, সমস্ত গ্রাহক মিলিয়ে আনুমানিক ৪০ থেকে ৫০ লক্ষ টাকা জালিয়াতি হয়েছে। টাকা ফেরৎ না পেয়ে তারা সকলে পুলিশের দ্বারস্থ হয়েছেন। এদিকে অভিযুক্ত অভয় দাসের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফোনও বন্ধ রয়েছে। তাই তার প্রতিক্রিয়া মেলেনি।












Click it and Unblock the Notifications