হিট স্ট্রোকে বাঁকুড়ায় মারা গেলেন এক ব্যক্তি? হাঁসফাঁস অবস্থা জেলার
বাঁকুড়ায় তীব্র তাপপ্রবাহ চলছে। হাঁসফাঁস করা অবস্থা লাল মাটির এই জেলার। মঙ্গলবার সেখানে এক ব্যক্তির মারা যাওয়ার খবর এল। তিনি পেশায় টোটোচালক। রাস্তায় তার নিজের গাড়িতেই অসুস্থ অবস্থায় পাওয়া যায় ওই ব্যক্তিকে। পরে তার মৃত্যু হয়। হিট স্ট্রোক হয়ে কি এই ব্যক্তি মারা গেলেন? সেই প্রশ্ন উঠছে।
তীব্র গরমে অসুস্থ হয়ে মৃত্যু হল এক টোটো চালকের? মৃতের নাম শোভন পূজারু। মঙ্গলবার বাঁকুড়া শহরের পাঁচবাগা এলাকার ঘটনা। পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, হাটগ্রাম-পায়রাচালি এলাকার বাসিন্দা শোভন পূজারু নামে ওই ব্যক্তি বাঁকুড়া-১ ব্লকের আঁচুড়ি গ্রামে মাসির বাড়িতে থাকতেন। অন্যান্য দিনের মতো এদিনও তিনি টোটো নিয়ে বাঁকুড়া শহরে আসেন। পরে তিনি তীব্র গরমের মধ্যে অসুস্থ হয়ে পড়েন। তেমনই অনুমান করা হচ্ছে।
স্থানীয় এক ব্যক্তির কথায়, শোভন নামে ওই টোটোচালক গাড়ি নিয়ে বেরিয়েছিলেন। এক সময় দেখা যায়, মাথা নীচু করে তিনি গাড়িতেই বসে আছেন। লোকজন তাকে গিয়ে ডাকাডাকি করে। কিন্তু কোনও সাড়া পাওয়া যায়নি। দেখা যায়, তার পালস রয়েছে। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা জানিয়ে দেয় পথেই মারা গিয়েছেন ওই ব্যক্তি। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, তীব্র গরমে সানস্ট্রোকেই ওই টোটো চালকের মৃত্যু হয়েছে।
বাঁকুড়ায় তাপপ্রবাহ চলছে গত কয়েক দিন ধরে। আজ সর্বোচ্চ তাপমাত্রা আরও বেড়ে গিয়েছে। চূড়ান্ত অস্বস্তি হচ্ছে জেলার মানুষের। সকাল থেকেই রাস্তাঘাটে লোকজন কম৷ স্কুল খুললেও পড়ুয়াদের দেখা পাওয়া যাচ্ছে না। অত্যন্ত প্রয়োজন ছাড়া কোনও মানুষই বাইরে বেরোচ্ছেন না।












Click it and Unblock the Notifications