কালনায় ভেঙে পড়ছে স্কুলের ঘর, মাঠে পড়ুয়াদের সঙ্গে মিড ডে মিল খাচ্ছে ছাগল, কুকুর
প্রাথমিকের পড়ুয়ারা মিড ডে মিল খাচ্ছে। তাদের পাশেপাশে ঘুরে বেড়াচ্ছে কুকুর, ছাগল। শুধু ঘুরে বেড়ানোই নয়। খাবারে মুখও দিয়ে দিচ্ছে তারা৷ পড়ুয়াদের সঙ্গে মিড ডে মিল খেয়ে নিচ্ছে ছাগল, কুকুরও। একদিন, দুদিন নয়। এই ঘটনা হামেশাই দেখা যায় কালনার, পূর্বস্থলীর একটি প্রাইমারি স্কুলে।
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জেরবার রাজ্য। আবার মিড ডে মিল নিয়েও রাজ্যে দুর্নীতির অভিযোগ তুলছে বিজেপি। এদিকে রাজ্যের বহু জায়গায় ভগ্নদশা অনেক স্কুলবাড়ির। তার মধ্যেই ক্লাস করতে হয় পড়ুয়াদের। দুরুদুরু বুকে বাচ্চাদের পড়ান শিক্ষক - শিক্ষিকারা।

পূর্বস্থলীর এই স্কুলের দশাও ভগ্নপ্রায়। তার মধ্যেই পড়াশোনা চলছে। পড়ুয়া থেকে শিক্ষক - শিক্ষিকাদের মনেও আতঙ্ক থাকছে সব স্কুলে এলেই। বর্ধমানের কালনা মহকুমার অন্তর্গত পূর্বস্থলী দু'নম্বর ব্লকের লক্ষ্মীপুরের পশ্চিম আটপাড়া FP স্কুলের বেহাল দশা।
ভগ্নপ্রাশ ক্লাসরুমের মধ্যেই বিপজ্জনকভাবে চলছে প্রাক প্রাইমারি ও ক্লাস ওয়ানের ছাত্র-ছাত্রীদের পড়াশোনা। স্কুলের মিড ডে মিল ছাত্র-ছাত্রীরা মাঠে বসে খায়। কুকুর- ছাগল-হাঁসও তাদের খাবার সময় হাজির হয়৷ তারাও মিড ডে মিলের ভাগিদার হয়। এমন ভয়াবহ চিত্র ওই প্রাথমিক বিদ্যালয়ে।
স্কুলে পর্যাপ্ত ঘর নেই। তাই ভগ্নপ্রায় স্কুলের ওই ঘরেই ক্লাস করাতে হয় ছাত্র-ছাত্রীদের। সাফাই স্কুলের প্রধান শিক্ষকের। একই সঙ্গে মিড ডে মিল প্রসঙ্গে তার বক্তব্য স্কুলের বাউন্ডারি ওয়াল ঠিক মতো নেই। ছাত্রছাত্রীদের বসার মতন পর্যাপ্ত জায়গাও নেই। তাই এই সমস্যা।
অন্যদিকে স্কুল পরিদর্শক পূর্বস্থলী উত্তর চক্রের উজ্জ্বল রায়ের বক্তব্য, বেহাল স্কুলের ঘরের বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো আছে। খুব শিগগিরই কাজ হবে। ছাত্র-ছাত্রীদের সঙ্গে কুকুর ছাগলের মিড ডে মিল খাওয়া প্রসঙ্গ তিনি জানেন না। তিনি এই বিষয়টি খোঁজ নিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
অভিভাবকদের অভিযোগ, ভগ্নপ্রায় স্কুলের ঘর। যে কোনও মুহূর্ত ভেঙে পড়তে পারে ছাত্র-ছাত্রীদের উপর। বিপদের আশঙ্কা করে অনেকে স্কুলও পাঠায় না ছাত্র-ছাত্রীদের। একই সঙ্গে স্কুলের শৌচালয়েরও বেহাল দশা। মিড ডে মিল খাওয়ানোর ঘরের চাল উড়ে গেছে বহু বছর। আর তা সারানো হয়নি বলেই অভিযোগ।
সেই কারণে ছাগল মানুষ কুকুরে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করছে স্কুলে। এমনও চিত্র ধরা পড়েছে এই প্রাথমিক বিদ্যালয়ে। সব মিলিয়ে স্কুলের যে ভয়ানক চিত্র তা বলাই বাহুল্য।












Click it and Unblock the Notifications