আসানসোলের তাপপ্রবাহে মিঠুনের রোড শো, মানুষের ঢল
তাপপ্রবাহ চলছে আসানসোল শহরেও৷ রোদের গনগনে আঁচে পুড়ছে শিল্পশহর। তবে ভোটের প্রচারে খামতি নেই৷ রবিবাসরীয় সকালে বিজেপি প্রার্থীর হয়ে প্রচার করলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী।
সকাকেই হেলিকপ্টারে আসানসোলে নামেন মিঠুন চক্রবর্তী। আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থী সুরিন্দর সিং অহলুওয়ালিয়া৷ বিজেপির প্রার্থীর সমর্থনে এবার মাঠে নামলেন সুপার স্টার মিঠুন।

রবিবার সকালেই আসানসোলের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি পেরিয়ে গিয়েছে। কিন্তু বিজেপি কর্মী - সমর্থকদের মধ্যে উৎসাহের কোনও খামতি ছিল না। মিঠুন প্রচার করবেন। ফলে উৎসাহ যেন আরও কয়েক গুণ বেড়ে যায় বিজেপি কর্মী - সমর্থকদের।
এদিন বুধা ময়দানে হেলিকপ্টার নামে। সেখানে প্রচুর মানুষ জড়ো হয়েছিলেন। এরপর হুড খোলা গাড়িতে চড়ে রোড শো শুরু হয়। মিঠুনের পাশে সেই গাড়িতে ছিলেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং অহলুওয়ালিয়া।
ঢাক ঢোল নিয়ে এই রোড শোর আয়োজন হয়েছিল। বহরে যথেষ্ট বড় ছিল এই রোড শো৷ মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য সাধারণ মানুষরাও অপেক্ষা করেছেন। এই কেন্দ্র থেকে জেতার বার্তা দিয়েছেন মহাগুরু। এদিন এস বি গরাই রোড হয়ে মহিশীলা কলোনি হয়ে বটতলা বাজারে শেষ হয় রোড শো।
সুরিন্দর সিং অহলুওয়ালিয়া ইতিমধ্যেই এই কেন্দ্রে লড়াইয়ের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি এলাকারই ভূমিপুত্র, বাইরের বাসিন্দা নন। এই কথা প্রচার করছেন তিনি। এর আগে তিনি বর্ধমান - দুর্গাপুর কেন্দ্রের সাংসদ ছিলেন। সেখানে এবার প্রার্থী দিলীপ ঘোষ৷ দিলীপ ঘোষের হয়েও রোড শো করেছেন মহা গুরু। সুরিন্দর সিং অহলুওয়ালিয়াকে বিজেপি আসানসোল লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে। আজ সেখানে মিঠুন প্রচার করলেন।












Click it and Unblock the Notifications