মমতা দিদি ও ভাইপোর বিদায় আসন্ন, বর্ধমানের সভায় তৃণমূলকে তীব্র আক্রমণ অমিত শাহের
তৃতীয় দফার ভোটের প্রচারে এসে দুর্নীতিকেই হাতিয়ার করলেন অমিত শাহ। বর্ধমানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সভা করলেন। ফের রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ও তৃণমূলকে দুর্নীতি ইস্যুতে আক্রমণ করলেন।
বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকারের সমর্থনে এই সভা করেন অমিত শাহ। ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে চান? সভায় উপস্থিত মানুষদের উদ্দেশ্যে প্রশ্ন করেন তিনি। নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করতে হলে অসীম সরকারকে জেতাতে হবে। বার্তা দিয়েছেন তিনি।

বাংলার উন্নয়নের জন্য ১০ লক্ষ কোটি টাকা কেন্দ্র পাঠিয়েছিল। সেই টাকা তৃণমূল কংগ্রেসের গুন্ডারা খেয়ে নিয়েছে। এমনই কড়া আক্রমণ করেন অমিত শাহ। প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ তুলেছেন শাহ। ৫১ কোটি টাকা ঘর থেকে পাওয়া গিয়েছে। এত টাকা বিছিয়ে দিলে যে এই স্টেজ ভরে যাবে। যার ঘর থেকে এত টাকা পাওয়া যায়, তাকে জেলে ভরা উচিত না কী অনুচিত? সেই প্রশ্ন তুলেছেন অমিত শাহ।
যারা বাংলায় সাধারণ মানুষের টাকা নিয়ে দুর্নীতি করেছে, তাদের জেলে পাঠানো হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্পষ্ট বার্তা দিলেন অমিত শাহ। সন্দেশখালির মতো ঘটনা পৃথিবীতে আর হয়নি৷ নিজের ক্ষমতা আর চেয়ার ধরে রাখার জন্য তৃণমূল কংগ্রেস নেতারা এই কাজ করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা। তারপরও সন্দেশখালিতে মহিলারা আক্রান্ত হয়েছেন। কটাক্ষ করেছেন অমিত শাহ।
সন্দেশখালির ঘটনা যারা করেছে, তাদের জেলে ভরা উচিত? প্রশ্ন তুলেছেন অমিত শাহ। মমতা দিদি ও ভাইপোর বিদায় আসন্ন। বিজেপি কর্মীদের হত্যাকারীদের পাতাল থেকেও খুঁজে আনা হবে। রামমন্দির উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় যাননি৷ অনুপ্রবেশের ভয়ে রামলালার অভিষেকে যাননি তাঁরা। এই কটাক্ষ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷
এবার ভোটে বাংলার থেকে ৩০ টি আসন বিজেপিকে পাইয়ে দিক সাধারণ মানুষ। ১০ লক্ষ কোটি টাকা পাঠানোর ব্যবস্থা হবে। বাংলায় এরপর বিজেপি ক্ষমতায় আসবে৷ বাংলায় বিজেপি সরকার হলে অনুপ্রবেশ বন্ধ হবে। অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মারাত্মক অভিযোগ করেছেন অমিত শাহ।












Click it and Unblock the Notifications