Dilip Ghosh: মহিলাদের অসম্মানজনক কাজে লাগিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা, মুখ্যমন্ত্রীকে নিশানা দিলীপের
মহিলাদের অসম্মানজনক কাজে লাগিয়ে বাংলায় ক্ষমতায় থাকার চেষ্টা করছে তৃণমূল। সোমবার সকাল ছয়টায় কাঁকসার গোপালপুর এলাকায় প্রাতঃভ্রমণ ও চা চক্রে যোগ দিয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগের ঘটনায় এমনই মন্তব্য করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ।
তিনি বললেন বর্তমানে মহিলাদের দিয়ে অসম্মানজনক কাজে লাগিয়ে বাংলায় ক্ষমতায় থাকতে চাইছে তৃণমূল। রাজ্যপাল একজন শিক্ষিত মানুষ। সে যেহেতু তৃণমূলের বশ্যতা স্বীকার করেনি তাই তার বিরুদ্ধে নানান অভিযোগ তোলার পাশাপাশি কখনো তাকে কালো পতাকা দেখানো এবং নানান ভাবে অসম্মান করার কাজ করছে। সমাজ এর জবাব দেবে।

শুধুমাত্র ক্ষমতা এবং টাকার জন্য তৃণমূল এই ধরনের কাজ করছে। তিনি বলেন বর্তমানে তৃণমূল এতটাই বদনাম হয়ে গিয়েছে যে কোথাও কোন পোস্টারে তৃণমূল লেখা থাকছে না শুধুমাত্র জোড়া ফুল চিহ্ন দেওয়া হচ্ছে পোস্টারে। কারণ তৃণমূল শব্দ তাই বদনাম হয়ে গিয়েছে। সন্দেশখালি প্রসঙ্গে তিনি বলেন সন্দেশখালিতে যে ঘটনা ঘটেছে সেটা একজন দুজন মহিলার সাথে নয় অনেক মহিলাকে অসম্মান করা হয়েছে যার কারণে হাজার হাজার মহিলা রাস্তায় ঝাঁটা নিয়ে প্রতিবাদ করেছেন। ভাইরাল ভিডিও প্রসঙ্গে তিনি বলেন সত্য উদঘাটন হবে। মানুষ সবই দেখতে পাবে।
এদিকে দিলীপ ঘোষ দাবি করেছেন, তৃণমূল কংগ্রেসের এখন বদনাম হয়ে গিয়েছে। এখন আর হাওয়াই চটি, সাদা শাড়ির সেই জনপ্রিয়তা নেই। বদনাম হয়ে গিয়েছে। আগের মতো আর পিসি ভাইপোর জনপ্রিয়তা নেই। তাই ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। প্রসঙ্গত উল্লেখ্য রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ পুরোটাই রাজনৈতিক পরিকল্পনা করে করা বলে আগেই দাবি করেছিলেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।
অন্যদিকে সন্দেশখালির স্টিং অপারেশনের ভাইরাল ভিডিও নিয়ে যে রাজনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে তা নিয়ে। স্টিং অপারেশনে বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গারাম কয়ালকে বলতে শোনা গিয়েছে ২০০০ টাকার বিনিময়ে ভুয়ো ধর্ষণের মামলা দায়ের করেছে বিজেপি প্রার্থী রেখা পাত্র। তাই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছেন বাংলার মা বোনেদের সম্মান বিক্রি করে দিচ্ছে বিজেপি। পাল্টা বিজেপির দাবি তৃণমূল পরিকল্পনা করে এই ভুয়ো ভিডিও প্রকাশ করেছে।
আজই দিলীপ ঘোষের সমর্থনে প্রচার করবেন অমিত শাহ। দুর্গাপুরে সভা করার কথা রয়েছে তাঁর। গতকালই দুর্গাপুরে বিজেপি নেতাদের নিয়ে বৈঠক করেছেন অমিত শাহ। সেখানে ১৩ তারিখের ভোটের আগে বিজেপি কর্মীদের নিয়ে রণকৌশল নির্ধারণে বৈঠক হয়েছে বলে মনে করা হচ্ছে। আজ আবার কৃষ্ণনগরে প্রচারে গিয়েছেন অমিত শাহ এবার সভা করবেন তিনি।












Click it and Unblock the Notifications