দুর্গাপুরে পাঁচটি ছাগল নিয়ে তৃণমূল নেতাদের বিরুদ্ধে প্রতীকী বিক্ষোভ বিজেপির
তিনটি কালো আর দুটো বাদামি৷ পাঁচটা ছাগল দাঁড়িয়ে আছে বিক্ষোভ সভার সামনে। তারাই এই বিক্ষোভের অন্যতম আকর্ষণ। বলা ভালো তাদের কেন্দ্র করেই এই বিক্ষোভ৷ আরও বলা ভালো এরা কেবলই প্রতীকী। অভিনব এই ঘটনা দেখা গেল দুর্গাপুরে।
সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা নেতাদের ভৎসনা করেছেন। যারা দুর্গাপুর পুরসভা চালাচ্ছেন, তারা অপদার্থ। এই কথাও তিনি বলেছিলেন ক্ষোভের সঙ্গে। তারই সূত্র ধরে বিজেপি এক অভিনব বিক্ষোভ দেখালেন।

ছাগল নিয়ে আজ বুধবার একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল। এডিডিএ প্রশাসনিক ভবনের সামনে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এলাকার বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘরুই এই বিক্ষোভে উপস্থিত ছিলেন।
বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানান, এখনও পর্যন্ত পুরসভা ভোট হয়নি। দুর্গাপুর শহরজুড়ে বেআইনি কাজকর্ম চলছে। সেই কারণে আন্দোলনে নেমেছে বিজেপি। দুর্গাপুর মহকুমা শাসককে এই বিষয়ে একটি স্মারকলিপি দেওয়া হয়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরে তৃণমূল নেতাদের বকাঝকা করেছেন তারপরেও নেতাদের কোন বদল হয়নি তারা একই ভঙ্গিমায় কাজকর্ম সামলাচ্ছেন দুর্গাপুরের পাঁচজন তৃণমূল নেতাকে নিশানা করেছে বিজেপি। ওই পাঁচজন তৃণমূল নেতাকে বোঝানোর জন্য পাঁচটি ছাগল নিয়ে আসা হয়েছে এ দিন। আগামী দিনে ভেড়া নিয়ে বিক্ষোভ করা হবে৷ এই কথাও জানানো হয়েছে।
বিজেপির ছাগল নিয়ে এই প্রতীকী বৈঠক দেখতে ভিড় জমান বহু মানুষ৷ দীর্ঘ দিন নগরনিগমের ভোট না হওয়া। পরিষেবা পাওয়ার ক্ষেত্রে ঢিমেতালে কাজ চলা। একাধিক বিষয়ে নাগরিক সমাজে ক্ষোভ রয়েছেই। এই ক্ষোভকে কাজে লাগিয়ে বিজেপির এই প্রতিবাদ সভা।
উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘরুই, মন্ডল নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় , অভিজিৎ দত্ত, যুবনেতা পারিজাত গঙ্গোপাধ্যায় প্রমুখ।












Click it and Unblock the Notifications