রাজ্য পুলিশের মদতেই পাচারের রমরমা, হাতেনাতে গরুর গাড়ি ধরে গর্জে উঠলেন অগ্নিমিত্রা
আবাস যোজনায় দুর্নীতির প্রশ্নে বুলডোজার চালিয়ে ঘর গুঁড়িয়ে দেওয়ার নিদান দিয়ে বিতর্ক তৈরি করেছিলেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পাল।
আবাস যোজনায় দুর্নীতির প্রশ্নে বুলডোজার চালিয়ে ঘর গুঁড়িয়ে দেওয়ার নিদান দিয়ে বিতর্ক তৈরি করেছিলেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পাল। তারপরই আসানসোল থেকে ফেরার পথে হাতেনাতে গরু পাচার ধরে পুলিশকে হুঁশিয়ারি দিলেন।
রাজ্যে যে পুলিশের একাংশের মদতে গরু পাচার চলছে, সেই অভিযোগ তুলে বর্ধমানের জাতীয় সড়কের বেচারহাট এলাকায় গরুর গাড়ি আটকে বিক্ষোভ দেখান বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল। অবৈধ গরু পাচার রুখে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল কড়া বার্তা দেন রাজ্যের তৃণমূল সরকারকেও।

মঙ্গলবার আসানসোল থেকে কলকাতা যাবার পথে বর্ধমানের ২ নম্বর জাতীয় সড়কের উপর বেচারহাট এলাকায় গরুবোঝাই একটি ম্যাটাডোর আটকান তিনি। ম্যাটাডোরে ৯টি গরু ছিল। পরে পুলিশ এসে ম্যাটাডর-সহ তিন ব্যক্তিকে আটক করে। অগ্নিমিত্রা পাল অভিযোগ করেন, গরুগুলিকে অবৈধভাবে পাচার করা হচ্ছিল।
এরপর পুলিশ সূত্রে জানা যায়, পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানের কুসুমগ্রামে গরুগুলিকে নিয়ে আসা হচ্ছিল। আর অবৈধভাবে তা পাচার করা হচ্ছিল বলে অভিযোগ তাঁর। তিনি এরপর পুলিশের বিরুদ্ধে টাকা নিয়ে গরু পাচারের অভিযোগ তোলেন। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল রাস্তা আটকে পুলিশকে আঙুল উঁচিয়ে হুঁশিয়ারিও দেন।
অগ্নিমিত্রা পাল বলেন, " আমি আসানসোল থেকে কলকাতায় ফেরার সময় রাস্তায় ওই গাড়িটিকে দেখি।পা মুড়ে, হাটু ভেঙে গরুগুলিকে নিয়ে আসা হচ্ছে। তাদের গা দিয়ে রক্ত ঝরছিল। তা দেখেই আমার সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে আমি বর্ধমান থানাকে ফোন করি। তখন আইসি ফোন ধরেননি বলে জানান অগ্নিমিত্রা।
তারপর নিজেই গাড়ি আটকান বিধায়ক। বিধায়ক নিজে গাড়ি আটকানোর পর পুলিশ পৌঁছয়। অগ্নিমিত্রা পাল তখন পুলিশকে দেখে গর্জে ওঠেন। তিনি পুলিশের বিরুদ্ধে সরাসরি পাচারে জড়িয়ে থাকার অভিযোগ তোলেন। এমনকী বলেন, ৮০০-৯০০ টাকা করে নিয়ে এই গাড়িগুলিকে ছেড়ে দেয় পুলিশ।
অগ্নিমিত্রা বলেন, আমি গাড়িটিকে আটকাই। এদের কোনও পারমিট নেই। গরু নিয়ে যাবার কোনও লাইসেন্সও নেই। এরা পুরুলিয়া আর বাঁকুড়ায় পুলিশকে টাকা দিয়েছে। এভাবেই এক জেলা থেকে আর এক জেলার উপর দিয়ে গরুগুলি পাচার হয়ে যায়। এই গরুগুলিতে কুসুমগ্রাম নিয়ে যাওয়া হচ্ছিল।
এদিন বুলডোজার চালানোর নিদান দিয়ে বিতর্কে জড়ানোর পর রাস্তায় নেমে গরু পাচার রুখে শিরোনামে উঠে আসেন বিজেপির বিধায়ক। বিজেপির বিধায়ক আবাস যোজনার ক্ষেত্রেও সরকারের দিকে আঙুল তোলেন। বলেন, রাজ্যের সরকার দুর্নীতিতে ডুবে আছে। তাই অযোগ্যদের তালিকায় রেখেছে। আবার রাজ্যের প্রশাসনের মদতে চলছে গরু পাচার।












Click it and Unblock the Notifications