Durgapur: দুর্গাপুর উৎসবে শাড়ির স্টলে বাংলাদেশের পতাকা! বিজেপি বিধায়ক সরব হতেই নামানো হল ফ্লেক্স
Durgapur Utsav: বাংলাদেশে হিন্দুদের উপর লাগাতার অকথ্য অত্যাচার চলছেই। হিন্দু নিপীড়নের (Attack on Hindus) প্রতিবাদে ভারতে বাংলাদেশি পণ্য বয়কটের ডাক দিয়েছে বিভিন্ন সংগঠন। এই অবস্থায় দুর্গাপুর উৎসবে বাংলাদেশি স্টল (Bangladeshi Stall) ঘিরে বিতর্ক। মেলা কমিটি-সহ স্থানীয় প্রশাসনকে কাঠগড়ায় তুলে ক্ষোভ উগড়ে দিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই।
দুর্গাপুরের রাজীব গান্ধী স্মারক ময়দানে শুরু হয়েছে দুর্গাপুর উৎসব। এই নিয়ে দ্বিতীয় বছরে পা দিল এই উৎসব। সেখানেই দেখা গেল, একটি শাড়ির দোকানের নামে ও ব্যানারে জ্বলজ্বল করছে বাংলাদেশের পতাকা। সেদেশের নারায়ণগঞ্জের রুপগঞ্জের ঠিকানা দেওয়া ওই ব্যানারে ঢাকাই জামদানি-সহ বিভিন্ন শাড়ির বিজ্ঞাপন দেওয়া রয়েছে। আর এনিয়েই বিতর্ক দুর্গাপুর শহরে।

বাংলাদেশে ভারত বিরোধী স্লোগান থেকে বিভিন্ন কার্যকলাপ প্রকাশ্যে এসেছে। ভারত বিরোধী জিগিড় তুলে প্রকাশ্যে হুমকি দিচ্ছে বিএনপির (BNP) নেতারা। হিন্দুদের উপর অত্যাচার থেকে শুরু করে পুড়িয়ে দেওয়া হচ্ছে ঘরবাড়ি, মন্দির। এইসব ঘটনায় যখন এপাড় বাংলাতেও প্রতিবাদের ঝড় বইছে, তখন দুর্গাপুরের মেলায় কেন বাংলাদেশের স্টল বসানোর অনুমতি দেওয়া হল?
বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই (Lakshman Ghorui) এপ্রসঙ্গে তীব্র ক্ষোভ উগড়ে দেন। তিনি বলেন, "এ লজ্জা কার? কীকরে বাংলাদেশের পতাকা লাগিয়ে ব্যবসা করছে? কেন এই ধরনের কাজ একটা মেলা কমিটি অনুমোদন দিয়ে করল? যদি প্রশাসন বা উৎসব কমিটি অবিলম্বে ব্যবস্থা না নেয় তাহলে বিজেপি মেলা কমিটিকে বয়কট করবে, ধারাবাহিক আন্দোলন শুরু করবে।"
দোকান মালিকের দাবি তিনি বাংলাদেশের নারায়ণগঞ্জ থেকে এই মেলাতে এসেছেন। দুর্গাপুর উৎসব কমিটির সদস্য প্রবীর ঘোষালের দাবি, তারা এই ঘটনার খবর জানা মাত্রই স্টল থেকে বাংলাদেশের পতাকার বিজ্ঞাপনের ফ্লেক্স সরিয়ে দিতে বলেছেন। শাড়ি যাতে বিক্রি হয়, তাই ব্যবসার স্বার্থে বাংলাদেশি বলে বিক্রেতারা বিজ্ঞাপন দিয়েছিলেন বলে দাবি কমিটির সদস্যের।
এদিকে আলিপুরদুয়ারে ডুয়ার্স উৎসবে বাংলাদেশি স্টল না রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। জানুয়ারির প্রথম সপ্তাহে হতে চলা ডুয়ার্স উৎসবে এবছর থাকবে না বাংলাদেশি ইলিশ থেকে জামদানির কোনও স্টল। এর আগে কলকাতা বইমেলা ও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও বাংলাদেশকে ব্রাত্য রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।












Click it and Unblock the Notifications