এবার কার দখলে যাবে দার্জিলিং লোকসভা কেন্দ্র? কী বলছেন প্রার্থী থেকে জনতা?
প্রথম দফার পরে এবার দ্বিতীয় দফা। প্রথম দফায় সারা দেশের সঙ্গে উত্তরবঙ্গের তিনটি আসনে নির্বাচন হয়েছে। আগামী ২৬ এপ্রিল শুক্রবার দ্বিতীয় দফায় রাজ্যে যে তিনটি আসনে নির্বাচন হবে তার মধ্যে রয়েছে দার্জিলিংও।
২৬ এপ্রিল রয়েছে এই দ্বিতীয় দফায় দার্জিলিং-এ ভোটের আগে মাত্র কয়েকটি দিন বাকি। এদিন ছিল প্রচারের শেষ রবিবার। প্রতিটি দলই প্রচারের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কোথাও বাড়ি বাড়ি প্রচার তো কোথাও আবার অভিনব উপায়ে জনসংযোগ, সব মিলিয়ে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ যে কোনও দল।

এক কথায় দার্জিলিং লোকসভা কেন্দ্রকে পাখির চোখ করে প্রচার সারছে প্রত্যেকটি দলই। যে কারণে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো হোক কিংবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা, সবই দার্জিলিং লোকসভা আসনকে কেন্দ্র করেই।
শুধু তাই নয় প্রত্যেকটি দলেরই হেভিওয়েট নেতাদের নিয়েও চলছে প্রচার। কখনও শিলিগুড়িতে দেবের রোড শো তো, আবার কখনো মিঠুনের রোড শো। ভাল ফেস প্রচারের আলোয় আনতে যেন বাদ রাখেনি কোনও শিবিরই।
কংগ্রেস প্রার্থী দাবি করেছেন, তিনি বামফ্রন্ট ও হামরো পার্টির ভাল সহযোগিতা পাচ্ছেন ও সাধারণ মানুষের থেকে সাড়া পাচ্ছেন। বিজেপি প্রার্থী রাজু বিস্তা বলেছেন, মোদীই ভরসা. তিনি শিলিগুড়িকে স্বপ্নের শহর করতে চান। অন্যদিকে তৃণমূল প্রার্থী গোপাল নামা বলেছেন, তিনি ভাল সাড়া পাচ্ছেন। আর সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্র.তিক্রিয়া লক্ষ্য করা গিয়েছে।
দার্জিলিং লোকসভা কেন্দ্রকে হাতের মুঠোয় করতে যেন মরিয়া প্রত্যেকেই, তাই এত তোড়জোড়। তবে আর বেশি সময় হাতে নেই। আর মাত্র কয়েকটা দিন, তারপরই নির্ধারিত হবে ভাগ্য। আর সেই ভাগ্য নির্ধারিত করবেন আম জনগণ। প্রার্থীরা যতই ফুল কনফিডেন্ট হোন না কেন, আসল চাবিকাঠি রয়েছে জনগণের হাতেই। তাই তো এখনও কিছু কিছু জায়গায় বিষাদের সুর জনগণের গলায়।
তবে এই বিষাদের সুর কতটা প্রভাব ফেলবে ভোট বাক্সে তা এখন দেখার পালা। আদৌও ফেলবে কিনা তা জানা যাবে আগামী ৪ জুন। ততদিন পর্যন্ত শুধু অপেক্ষার পালা।












Click it and Unblock the Notifications