WB Bye-Elections 2024: সিতাইয়ে তৃণমূলের লিড তিন বছরে ১০ হাজার থেকে বেড়ে ১.৩ লক্ষ, উত্তরবঙ্গে গেরুয়া ভোটে ধস
WB Bye-Elections 2024: রাজ্যের ৬টি বিধানসভা উপনির্বাচনের মধ্যে ২টি ছিল উত্তরবঙ্গে। আজ ফল সামনে আসতেই দেখা গেল, উত্তরবঙ্গে সবুজ ঝড়।
রেকর্ড ধস বিজেপির ভোটবাক্সে। আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা নিজের বিধানসভা কেন্দ্রই ধরে রাখতে পারলেন না। অন্যদিকে, কোচবিহারের সাংসদের স্ত্রী সংগীতা রায় রেকর্ড গড়লেন জয়ের ব্যবধানে।

সিতাই বিধানসভা উপনির্বাচনে ১ লক্ষ ৩০ হাজার ৬৩৬ ভোটে জিতলেন তৃণমূল কংগ্রেসের সংগীতা রায়। তিনি পেলেন ১,৬৫,৯৮৪ ভোট। বিজেপির দীপক কুমার রায় পেলেন ৩৫,৩৪৮ ভোট, কংগ্রেসের হরিহর রায় সিংহ ৯,১৭৭ ভোট পেয়ে তিনে। ৩,৩১৯টি ভোট পান ফরওয়ার্ড ব্লকের অরুণ কুমার বর্মা।
ভোট শতাংশের নিরিখে তৃণমূল পেয়েছে ৭৬.০৮ শতাংশ ভোট। বিজেপি ১৬.২ শতাংশ, কংগ্রেস ৪.২১ শতাংশ এবং ফরওয়ার্ড ব্লক ১.৫২ শতাংশ ভোট পেয়েছে।
২০২১ সালে সিতাই বিধানসভা নির্বাচনে জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া (যিনি কোচবিহারের বর্তমান সাংসদ) জিতেছিলেন ১০,১১২ ভোটে। সেবার তৃণমূল ভোট পেয়েছিল ৪৯.৪২ শতাংশ, বিজেপি পায় ৪৫.১৮ শতাংশ।
আলিপুরদুয়ারের মাদারিহাট আসনটি এই প্রথম জিতল তৃণমূল কংগ্রেস। জয়প্রকাশ টোপ্পো ৭৯,১৮৬টি ভোট পেয়ে জয়লাভ করলেন ২৮,১৬৮ ভোটের ব্যবধান রেখে। বিজেপির রাহুল লোহার পেলেন ৫১,০১৮টি ভোট। তিনে নির্দল বুধিমান লামা তামাং (৫০৬১)। আরএসপির পদম ওরাওঁ ৩৪১২টি ও কংগ্রেসের বিকাশ চম্প্রমারি পেলেন ৩০২৩টি ভোট।
মাদারিহাট বিধানসভা উপনির্বাচনে তৃণমূল পেল ৫৪.০৫ শতাংশ ভোট। বিজেপির ঝুলিতে গিয়েছে ৩৪.৮৩ শতাংশ ভোট। নির্দল বুধিমান পেয়েছেন ৩.৪৫ শতাংশ ভোট। কংগ্রেস ২.০৬ শতাংশ ও আরএসপি পেয়েছে ২.৩৩ শতাংশ ভোট।
২০২১ সালের বিধানসভা ভোটে বিজেপির মনোজ টিগ্গা (বর্তমানে আলিপুরদুয়ারের সাংসদ) মাদারিহাট থেকে জিতেছিলেন ২৯ হাজার ৬৮৫ ভোটে। সেবার বিজেপি পেয়েছিল ৫৪.৩৫ শতাংশ, তৃণমূল ৩৬.৫৬ শতাংশ। এই আসন ধরে রাখতে পারল না বিজেপি।
২০১৬ সালেও মাদারিহাট থেকে জেতেন মনোজ। সেবার জেতেন ২২ হাজার ৩৮ ভোটে। ২০১৬-র নির্বাচনে বিজেপি পায় ৪৩.৯৮ শতাংশ ভোট, তৃণমূল পেয়েছিল ২৯.৫১ শতাংশ। যদিও এবার উপনির্বাচনে গেরুয়া ভোটে নামল ব্যাপক ধস।












Click it and Unblock the Notifications