শুভেন্দু অধিকারীকে মীরজাফর ও অধীর চৌধুরীকে বিজেপির দালাল বলে আক্রমণ তৃণমূল বিধায়কের
শুভেন্দু অধিকারী ও অধীর চৌধুরীকে একসঙ্গে আক্রমণ করলেন মালদার তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সী। নাম না করে রাজ্যের বিরোধী দলনেতাকে মীরজাফর বলে কটাক্ষ। এছাড়াও অধীর চৌধুরীকে বিজেপির দালাল বলে আক্রমণ করেছেন মালতিপুরের বিধায়ক।
মালদার সুজাপুরে তৃণমূল কংগ্রেসের সভা ছিল সোমবার। সেখানেই জেলা তৃণমূল সভাপতি তথা মালতিপুরের বিধায়ক রাজ্যের দুই বিরোধী নেতা সম্পর্কে আক্রমণাত্মক হয়ে পড়েন। এই বক্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোড়।

বিজেপিকে বিষধর সাপ এবং নাম না করে শুভেন্দুকে মীরজাফর বলে কটাক্ষ করেছেন তৃণমূল বিধায়ক। তিনি বলেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধ্বংস করে দেওয়ার জন্য কিছু কিছু মীরজাফর পশ্চিমবঙ্গে বুকে জন্মগ্রহণ করেছেন। রবার্ট ক্লাইভের নতুন ভাবে জন্ম হয়েছে ভারতবর্ষের বুকে। এখানকার মীরজাফরেরা তাকে হাত ধরে নিয়ে আসছে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বুকে।
তিনি বলেন, বিষধর সাপ বেরোলে গ্রামের মানুষ বসে থাকি না। বিষধর সাপ দংশন করলে মৃত্যু অবশ্যম্ভাবী। যারা বিষধর বোখরা সাপ নিয়ে খেলা দেখিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে মেরে ফেলার চক্রান্ত করছে। সেই বিষধর সাপের দাঁত বাংলার মানুষ ভেঙে দেবে।
বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী সম্পর্কেও কটাক্ষ করেছেন তিনি। নতুন দালালের জন্ম হল পশ্চিমবঙ্গের বুকে। নাম না করে এক্ষেত্রেও প্রবল আক্রমণ করেছেন তিনি। বহরমপুরে বাড়ি, তিনি কংগ্রেসের নেতা হিসেবে দাবি রাখেন। তিনি দালালি করেন তৃণমূলের বিরুদ্ধে বড় বড় কথা বলেন। তিনি বিজেপির সুযোগ তৈরি করে দিচ্ছেন। তিনি বিজেপির এক নম্বর দালাল। এমনই কটাক্ষ করেছেন মালতিপুরের বিধায়ক।
এরপর নাম নিয়েই বলেন, অধীরবাবুর মতো লোকেরা বিজেপিকে সুবিধা করে দিতে তৃণমূল কংগ্রেসকে নানা ভাবে গাল দিচ্ছেন। তারা দালাল কী না, মানুষ ঠিক করবেন। অধীর চৌধুরী কংগ্রেসের লোক কী না, সেই সন্দেহ প্রকাশ করেছেন তৃণমূল বিধায়ক।












Click it and Unblock the Notifications