বিরোধীদের লক্ষ্মীর ভাণ্ডারে কোপ, প্রভাবশালী TMC নেতার পরামর্শে প্রশ্ন! টাকা কার, দিলেন ব্যাখ্যা
লক্ষ্মীর ভান্ডারের টাকা পাওয়ার পরেও যারা তৃণমূলকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়েছে,তাদের মধ্যে কিছু নাম কেটে দেওয়া দরকার। ২১ জুলাই প্রস্তুতি সভা থেকে বললেন দিনহাটা ২ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য। তৃণমূলের ব্লক সভাপতি মুখে লক্ষীর ভান্ডারের নাম কাটার কথা শুনেই শোরগোল কোচবিহার জেলার রাজনৈতিক মহলে। যদিও তার বক্তব্যকে বিকৃতভাবে বিশ্লেষণ করা হচ্ছে বলেই দাবি তৃণমূলের ওই ব্লক সভাপতির।
অপরদিকে তৃণমূলের এহেন বক্তব্যকে কটাক্ষ কোচবিহার জেলা বিজেপির সম্পাদক বিরাজ বোস বলেন লক্ষীর ভাণ্ডার হোক বা যেকোন প্রকল্পই হোক, সব কিছুই সরকারি প্রকল্প। সরকারের দায়িত্ব দলমত নির্বিশেষে সরকারি প্রকল্পের সুবিধা সবাইকে পাইয়ে দেওয়া। কিন্তু তৃণমূল কংগ্রেস একচেটিয়া রাজত্ব কায়েম করার জন্য এই ধরনের কাজ করছে যেটা গণতন্ত্রের পক্ষে বিপদজনক।

২১ জুলাইয়ের প্রস্তুতি সভায় তৃণমূল নেতা দীপক কুমার ভট্টাচার্য বলেন, যাঁরা এত কিছু পাওয়ার পরেও, লক্ষ্মীর ভান্ডারের টাকা পাওয়ার পরেও তৃণমূলকে ভোট না দিয়ে, বিজেপিকে ভোট দিয়েছে, সেখানে লক্ষ্মীর ভান্ডারের তালিকা থেকে কিছু নাম কেটে দেওয়ার দরকার আছে।
ওই নেতা আরও বলেন, টাকাটা রাজ্য সরকার দিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দিচ্ছে, তৃণমূল কংগ্রেস সরকার দিচ্ছে। ওই টাকা নরেন্দ্র মোদীর বাবার টাকা নয়, তৃণমূল কংগ্রেস সরকারের টাকা।
২১ জুলাইয়ের গুরুত্ব বোঝাতে গিয়ে ওই নেতা সিপিআইএমের বিরুদ্ধে বছরের পর বছর রিগিং করে ক্ষমতায় থাকার অভিযোগ করেন। তিনি বলেন, ভোটের সময় পরিচয় পত্রের দাবি তোলা হয়েছিল। সেই দাবিতে হওয়া আন্দোলনে সিপিআইএম সরকারের পুলিশ গুলি চালায়। কিন্তু এখন সেই পরিচয় পত্র দিয়ে হওয়া ভোটে তৃণমূল ক্ষমতায় রয়েছে বলে দাবি করেন ওই নেতা।
তৃণমূল নেতার ওই মন্তব্যকে তীব্র কটাক্ষ করেছেন কোচবিহারের বিজেপি ও বাম নেতৃত্ব। তৃণমূল গায়ের জোরে ক্ষমতায় টিকে রয়েছে বলে অভিযোগ করেছেন তাঁরা।
এদিকে লক্ষ্মীর ভান্ডার নিয়ে দিনহাটার তৃণমূল নেতার এই সুপারিশ প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, আগে কেটে বাদ দিন, তারপর বিজেপি বুঝে নেবে।
শুভেন্দু অধিকারী বলেন, বিজেপির করার অপরাধে কোচবিহারের মাথাভাঙা এবং সিতাইতে দু-হাজার বিঘা জমিতে চাষ করতে দেওয়া হয়নি। তিনি বলেন, বিজেপি নেতৃত্ব সেখানে দাঁড়িয়ে থেকে চাষ করানোর ব্যবস্থা করবে।












Click it and Unblock the Notifications