রাজ্য সরকারটাই হ্যাক হয়ে গিয়েছে, তৃণমূলকে দুর্নীতি ইস্যুতে কটাক্ষ সুকান্ত মজুমদারের
তৃণমূল কংগ্রেস রাজনৈতিক বা সাংগঠনিক কারণে দলীয় স্তরে নেতৃত্বের পরিবর্তন করে না। টাকা তুলে নেতাদের পাঠাতে হয়। ওই দলের দলনেত্রীই বলে দিয়েছেন উপরে পাঠিয়ে তবেই নিজেরা যেন খায়। তাই সবাইকে ভাগ করে খাওয়ার জন্যই বদল। এমনই কটাক্ষ করলেন সুকান্ত মজুমদার।
কোচবিহার এলাকায় রাজনৈতিক গুন্ডামি চলে৷ সেই গুন্ডাদের নেতা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি নিজেই গুন্ডারাজ চালান। এখন কোটি কোটি টাকার সম্পত্তির মালিক। এই কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

রবিবার বালুরঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সুকান্ত মজুমদার। শিয়ালদহ এলাকায় অস্ত্র ও কার্তুজ উদ্ধার হয়েছে। তাই নিয়ে তৃণমূলকে আক্রমণ করলেন তিনি। সুকান্ত বলেন, কখনও বোমার মশলা, কখনও গুলি বন্দুক উদ্ধার। দেখে শুনে মনে হচ্ছে তৃণমূল বোধহয় ভারতের বিরুদ্ধেই যুদ্ধে নামার প্রস্তুতি নিচ্ছে। না হলে একের পর এক এত অস্ত্রশস্ত্র আসছে কোথা থেকে?
কাঁথিতে আবাস যোজনা পাইয়ে দেওয়ার আশ্বাসে মহিলাকে ধর্ষণের অভিযোগ। এক তৃণমূল নেতা ঘটনায় অভিযুক্ত। সেই বিষয়ে সুকান্ত মজুমদার বলেন, এটাই তৃণমূলের কালচার। ওই মহিলা সাহস করে বলতে পেরেছেন দেখে বিষয়টি সবাই জেনেছে।
তাঁর আরও অভিযোগ, এই সরকারি যোজনাগুলি হল তৃণমূল নেতাদের পয়সা কামানোর রাস্তা। অন্য দিকে তাদের মনোরঞ্জন করারও একটি সুন্দর পথ। মানুষ সন্দেশখালির মডেল জেনেছে। এই মডেলকে হাতিয়ার করেই তৃণমূল বাংলার গ্রামগঞ্জে নানা অপকর্ম চালাচ্ছে।
শিক্ষা দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় একাই সব দোষ করেছেন। এই কথা তিনি মানতে নারাজ। তাঁর দাবি, তিনি কেন বাংলার কোনও লোক বিশ্বাস করে না পার্থ চট্টোপাধ্যায় একা এই দুর্নীতি করার সাহস দেখিয়েছেন। এর পেছনে রয়েছে পাকা ও বড় মাথা। সিবিআই আসল মাথাদের ধরুক। সেই দাবি করা হচ্ছে।
ট্যাব ও লক্ষ্মী ভাণ্ডারের টাকা অন্য একাউন্টে ঢুকছে। সেই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, রাজ্য সরকারটাই বা চলছে কী করে, বোঝা দায়। দেখেশুনে মনে হচ্ছে রাজ্য সরকারটাই হ্যাক হয়ে গিয়েছে। তাই এসব ঘটে চলেছে।
খানাকুল গ্রামীণ হাসপাতালে ধানের গোডাউন। তৃনমুল নেত্রীর সমালোচনা করেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, নীল সাদা রঙ করে সব সুপার স্পেশালিটিস হাসপাতাল বানিয়েছেন। সেখানে শয্যা ও ডাক্তার না দিতে পারলেও গোডাউন বানানোর ব্যবস্থা করে দিতে পেরেছেন। এই তো রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থ্যার হাল।












Click it and Unblock the Notifications