North Bengal News: আরজি করের ছায়া, নাবালিকাকে ধর্ষণ করে খুনের চেষ্টা! তোলপাড় দক্ষিণ দিনাজপুরে
North Bengal News: আরজি কর কাণ্ডে (RG Kar Hospital Doctor Death) তোলপাড় বাংলা। এবার সেই ঘটনার ছায়া দক্ষিণ দিনাজপুরে। ১৩ বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের চেষ্টা। আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে জেলাজুড়ে। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পিছনে কে বার কারা রয়েছে তা জানার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা
জানা যাচ্ছে, বর্তমানে গুরুতর আহত অবস্থায় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ওই নাবালিকা। নির্যাতিতার পরিবারের অভিযোগ, ধর্ষণ করে খুন করার চেষ্টা করা হয়েছে। ঘটনার পরেই তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। পুলিশ প্রশাসনের তরফে কড়া নজরদারি চালানো হচ্ছে (North Bengal News)।

পরিবার সূত্রে খবর ,ওই নাবালিকা পঞ্চম শ্রেনীর ছাত্রী। বুধবার রাতে নিজের ঘরে পড়াশোনা করছিল ওই নাবালিকা। পড়াশোনা শেষে নিজের ঘরেই সে শুয়ে পড়ে। রাত্রি ১টা নাগাদ হঠাৎ মেয়ের চিৎকারে জেগে ওঠেন নাবালিকার মা। ঘটনার পর নাবালিকার মা ঘরে ঢুকতে গেলে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নাবালিকার মা'কে ধাক্কা দিয়ে ঘর থেকে বেরিয়ে যায় বলে অভিযোগ।
এরপরই ঘরে ঢুকে নাবালিকাকে অচৈতন্য অবস্থায় দেখতে পায় তার মা। ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়। ঘটনার পর প্রথমে নাবালিকাকে রশিদপুর গ্রামীণ হাসপাতাল ও পরে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে সেখানে চলছে নাবালিকার চিকিৎসা। ঘটনায় নাবালিকাকে ধর্ষন করে গলা চেপে খুনের অভিযোগ তুলে সরব হয়েছেন নাবালিকার পরিবার।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য, গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্র সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে এই ঘটনা তা জানার চেষ্টা করা হচ্ছে। শুধু তাই নয়, কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তাও গভীরে গিয়ে খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications