গেরুয়া না কি সবুজ? কোন দিকে ঝুঁকবে পাহাড়? দার্জিলিংয়ের চূড়ান্ত প্রস্তুতি ভোট কর্মীদের
রাত পোহালেই রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন। দার্জিলিং লোকসভা কেন্দ্রেও আগামী কাল ভোট৷ তারই চূড়ান্ত প্রস্তুতি চলছে। ভোটকর্মীরা ইভিএম মেশিন, কাগজপত্র সহ অন্যান্য সামগ্রী নিয়ে রওনা দিয়েছেন।
এবারেও পাহাড়ের রং গেরুয়া থাকবে? না কি সবুজ হবে? সেই নিয়ে জোর আলোচনা চলছে। এই কেন্দ্রে মূলত লড়াই বিজেপির রাজু বিস্তা, তৃণমূলের গোপাল লামা এবং কংগ্রেসের মুনিশ তামাংয়ের মধ্যে।

ত্রিমুখী লড়াই হলেও দার্জিলিং কেন্দ্রে মোট প্রার্থী এবার ১৪ জন। তাদের মধ্যে দুজন মহিলা, বাকিরা পুরুষ। দক্ষিণবঙ্গ পুড়ছে তীব্র দাবদাহে। অন্য দিকে, পাহাড়ের ভোট ও রাজনৈতিক উত্তাপও বাড়ছে৷
গত বার ২০১৯ সালে দার্জিলিং আসনে জিতেছিলেন বিজেপির রাজু বিস্তা। তিনি তৃণমূল প্রার্থী অমর লাইকে চার লক্ষের বেশি ভোটে হারিয়েছিলেন। এবার একাধিক সমীকরণ তৈরি হয়েছে পাহাড়, তরাই, ডুয়ার্সে। তবে এবার পাঁচ লক্ষ ভোটে তিনি জিতবেন। এমন দাবি করেছেন রাজু বিস্তা।
ইতিমধ্যেই শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। বৃহস্পতিবার সকাল থেকেই ভোটকর্মীরা নির্ধারিত ডিসিআরসি সেন্টারে এসে উপস্থিত হন। নিজ নিজ কাজ বুঝে নিয়ে রওনা দেওয়ায় শুরু করেছেন নির্ধারিত বুথের উদ্দেশ্যে। সমতল ও পাহাড় মিলিয়ে দার্জিলিং লোকসভা কেন্দ্র।
একদিকে সমতলের তিনটি বিধানসভা, শিলিগুড়ি, মাটিগাড়া-নকশালবাড়ি ও ফাঁসিদেওয়া জন্য ডিসিআরসি সেন্টার শিলিগুড়ি কলেজ। অন্য দিকে, পাহাড়ে রয়েছে দার্জিলিং গভর্মেন্ট কলেজ ও কালিম্পং কলেজ। পাশাপাশি রয়েছে চোপড়া ইসলামপুর কলেজ।
সমস্ত ডিসিআরসি সেন্টার থেকে ভোট কর্মীদের গন্তব্যে পৌছাতে যাতে কোনও অসুবিধা না হয়। তার জন্য সমস্ত রকম ব্যবস্থা রাখা হয়েছে প্রশাসনের তরফে। নির্বাচন কমিশনের এদিন সকাল থেকেই চূড়ান্ত ব্যস্ততা। সকাল থেকে ভোটকর্মীরা ইভিএম সহ ভোটের যাবতীয় সামগ্রী সব ঠিকঠাক আছে কী না, যাচাই করে নেন।
কেন্দ্রীয় বাহিনী দিয়েই সম্পূর্ণ ভোট হচ্ছে এবার৷ সম্পূর্ণ নিরাপত্তার জন্য পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী থাকছে বলে খবর। দার্জিলিং লোকসভা কেন্দ্র সাতটি বিধানসভা ক্ষেত্র নিয়ে গঠিত। কালিম্পং, দার্জিলিং, কার্শিয়াং, মাটিগাড়া-নকশালবাড়ি, শিলিগুড়ি, ফাঁসিদেওয়া এবং চোপড়া এই বিধানসভা এলাকা নিয়ে দার্জিলিং লোকসভা কেন্দ্র তৈরি হয়েছে।












Click it and Unblock the Notifications