মমতা দিয়েছেন প্রচারের দিশা, অভিষেক সাহস, বিজেপির আক্রমণ রুখতে মালদহ দক্ষিণে কোন ইস্যুতে জোর শাহনওয়াজের?

Lok Sabha Election 2024: মালদহ দক্ষিণ আসনটি কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিতে শাহনওয়াজ আলি রায়হানকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। মালদহের ভূমিপুত্র, উচ্চশিক্ষিত।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পিইচডি করার ফাঁকেই তৃণমূল কংগ্রেসে যোগদান। শাহনওয়াজ প্রার্থী হতেই তাঁকে নিশানা করেছে বিজেপি। বিজেপিকে রোখার বিষয়ে আত্মবিশ্বাসী শাহনওয়াজ।

Lok Sabha Election 2024

এই লোকসভা কেন্দ্রে তিনবারের সাংসদ আবু হাসেম খান চৌধুরী। তবে এবার তাঁর পুত্র ইশা খান চৌধুরীকে প্রার্থী করতে পারে কংগ্রেস। ইন্ডিয়া জোট কার্যকর হলে মালদহ দক্ষিণ ও বহরমপুর কংগ্রেসকে ছাড়তে রাজি ছিল তৃণমূল। বহরমপুরে এবার তৃণমূলের বাজি ইউসুফ পাঠান, মালদহ দক্ষিণে শাহনওয়াজ আলি রায়হান।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস ৮২২২ ভোটে হারিয়েছিল বিজেপিকে। তিনে ছিল তৃণমূল। ২০১৪-র লোকসভা ভোটে আবু হাসেমের জয়ের মার্জিন ছিল ১,৬৪,১১১। সেবার তিনে সিপিআইএম ও চারে ছিল তৃণমূল। ২০০৯ সালের লোকসভা ভোটে আবু হাসেম সিপিআইএম প্রার্থীকে হারিয়েছিলেন ১,৩৬,২৮০ ভোটে।

এই লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা ক্ষেত্রের একটিতেই বিজেপি বিধায়ক রয়েছেন। ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীকে এই আসনে লোকসভা ভোটে প্রার্থী করেছে বিজেপি। সর্বোপরি, এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত মুর্শিদাবাদের ফরাক্কা ও সামশেরগঞ্জ তৃণমূল প্রার্থীকে বড় লিড দেবে বলে মনে করা হচ্ছে।

তৃণমূল এই আসনে জিতলে তা হবে ইতিহাস। ওয়ানইন্ডিয়া বাংলাকে শাহনওয়াজ বলেন, আমি মনে করি গৌড়বঙ্গের মাটি ঐতিহাসিকভাবে সম্প্রীতির মাটি। খিচুড়িতে যেমন চাল-ডাল মিলেমিশে থাকে, তেমনই গৌড়বঙ্গে হিন্দু-মুসলিম সৌহার্দ্য রয়েছে সুলতানি আমল থেকে। সেই মাটিকে বিজেপি কালিমালিপ্ত করতে চাইছে।

শাহনওয়াজের কথায়, বিজেপির বিভেদের রাজনীতি ঠেকানোকেই প্রাধান্য দিচ্ছি। আমি এখানকার ভূমিপুত্র, এখানেই বড় হয়েছি, লেখাপড়া করেছি। কংগ্রেস যেভাবে দুর্বল হয়েছে তাতে তারা বিজেপিকে রুখতে পারবে না। কংগ্রেসের সাংসদ বা বিধায়করা কখনও সংসদ বা বিধানসভায় চুপ থেকেছেন। ফলে এখানকার চাওড়া-পাওয়ার প্রতিনিধিত্ব সঠিকভাবে হয়নি।

মালদহ দক্ষিণের তৃণমূল প্রার্থী বলেন, আমি বিজেপির বিভেদমূলক রাজনীতিকে থামাব বড় মার্জিনে হারিয়ে। মালদহ, মুর্শিদাবাদের জনগণের কণ্ঠস্বর হয়ে উঠব। পরিবারতন্ত্র থেকে উঠে আসিনি। নিজের সেরাটা দেব, বিজেপিকে পরাস্ত করে মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রকে চেনা সম্প্রীতির জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে চাই।

শাহনওয়াজ জানালেন, দিদি বলেছেন- "তুমিই জিতবে। উন্নয়নের কাজ তুলে ধরতে হবে।" অভিষেক বন্দ্যোপাধ্যায় সাহস জুগিয়েছেন। মালদহ ও সামশেরগঞ্জে ভাঙন সমস্যা বড় বিষয়। রাজ্য সরকার কয়েকশো কোটি টাকা দিয়েছে ভাঙন মোকাবিলার জন্য। সংসদে ভাঙনের ইস্যু তুলে কেন্দ্রীয় সরকারের ফান্ড আনার চেষ্টা করব।

ব্রিগেডে অভিষেকের বক্তব্যে দলের কর্মীদের মতো তিনিও অনুপ্রাণিত বলে জানালেন শাহনওয়াজ। তাঁর কথায়, অভিষেক যেভাবে তাঁর বক্তব্যে বিজেপির বহিরাগত রাজনীতিকে চ্যালেঞ্জ জানিয়েছেন সেই বার্তাই লোকসভা কেন্দ্রের আনাচে-কানাচে ছড়িয়ে দিতে চাই। বহিরাগতদের চেয়ে শিক্ষা, সংস্কৃতিতে অনেক উন্নত বাংলা। বহিরাগতদের রাজনীতিকে মেনে নেব না। এখানে হিন্দু ধর্ম সহনশীল। চৈতন্য, বিবেকানন্দের বাংলায় সাভারকর, গোলওয়ালকরের কথা চলবে না।

এরই মধ্যে শাহনওয়াজকে নিশানা করেছেন বিজেপির মুখপাত্র অমিত মালব্য। শাহনওয়াজের জামাত-যোগ নিয়ে সরব হয়েছেন। এক্স হ্যান্ডলে তাঁর দাবি, শাহনওয়াজ হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও স্টুডেন্টস ইসলামিক অরগানাইজেশন অব ইন্ডিয়ার সঙ্গে যুক্ত। এসআইও-র সাধারণ সম্পাদক ছিলেন।

মালব্যর দাবি, এসআইও জামাত-এ-ইসলামি হিন্দের ছাত্র শাখা, যাদের শাখা সংগঠন জামাত-এ-ইসলামি বাংলাদেশের ১৯৭১ সালের যুদ্ধ অপরাধে হিন্দুদের উপর নির্যাতনে অভিযুক্ত। ২০২০ সালের অক্টোবরে এনআইএ ৯টি এনজিও ও ট্রাস্টে দিল্লি ও কাশ্মীরে অভিযান চালায়। দেশে ও বিদেশে এই সংস্থাগুলি জনস্বাস্থ্য ও শিক্ষার নামে অনুদান তুলছিল।

মালব্য টুইটে লিখেছেন, এই ফান্ডের টাকা হাওয়ালা ও ক্যুরিয়ারের মাধ্যমে জম্মু ও কাশ্মীরে পাঠানো হয়েছিল বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গি কার্যকলাপ চালাতে। যে সংস্থাগুলিতে অভিযান চলেছিল তার মধ্যে হিউম্যান ওয়েলফেয়ার অরগানাইজেশন ছিল। শাহনওয়াজ সিএএ ও ভারতবিরোধী প্রচার বিদেশে চালিয়েছেন বলে অভিযোগ। প্রার্থী হওয়ার আগে তিনি সোশ্যাল মিডিয়া থেকে পোস্ট ডিলিট করেছেন বলে অভিযোগ। যদিও তৃণমূলের দাবি, হার নিশ্চিত বুঝেই অবান্তর কথাবার্তা বলছেন মালব্য। তিনি এত কিছু জেনে থাকলে আগে বলেননি কেন? শাহনওয়াজের শিক্ষা-দীক্ষার কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+