Lok Sabha Election 2024: বিজেপির নো-এন্ট্রি পাহাড়ে, গুরুংকে নিয়ে নয়া সমীকরণের ইঙ্গিত অনীতের

এক সময়ে বিমল গুরুংয়েরই ডানহাত ছিলেন অনীত থাপা। তাঁর হাতেই এখন পাহাড়ের রাজপাট। গুরুংয়ের ব্যাটন এখন নিজের হাতে তুলে নিয়েছেন তিনি। যা পারেননি বিনয় তামাং, নতুন দল গড়ে সেটাই করে দেখিয়েছেন অনীত। রাজ্যের শাসকদলের সঙ্গে জোট বেঁধে পাহাড়কে তিনি নিজের গ্রিপে রেখেছেন।

পাহাড়ে নতুন দল গড়ার পর জিটিএ বা দার্জিলিং পুরসভায় একচ্ছত্র্ আধিপত্য বিস্তার করেছেন তিনি। এমনকী ২০ বছর পর দার্জিলিং মহকুমা পরিষদের নির্বাচনে অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনেও অনীতের বিজিপিএমের জয়ের ধারা অব্যাহত থাকে। তৃণমূলের সঙ্গে সখ্যতা বজায় রেখে তিনিই এখন পাহাড়ের প্রধান মুখ।

Lok Sabha Election 2024

এবার সামনেই লোকসভা নির্বাচন, তার আগে কিছুটা স্ট্র্যাটেজি বদল করতে চাইছেন অনীত থাপা। কোনওমতেই তিনি চান না পাহাড়ে বিজেপিকে আর এন্ট্রি দিতে। কারণ বিজেপি দেড় দশকেরও বেশি সময় ধরে শুধু মিথ্যা প্রতিশ্রুতির বন্যা বইয়ে যাচ্ছে। কিন্তু কাজের কাজ কিছুই করেনি।

তাই বিজেপিকে পাহাড়ে আর কোনও জায়গা না দিতে তিনি পাহাড়ের দলগুলিকে এককাট্টা হওয়ার ডাক দিয়েছেন। প্রয়োজনে তিনি বিমল গুরুংয়ের সঙ্গে হাত মেলাতেও রাজি। বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চাকে সঙ্গে নিয়ে তিনি চলতেও রাজি। তিনি চান বিজেপি আর পাহাড়ে কোনওমতেই আমল না পাক।

সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনে অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার বিরুদ্ধে বিজেপির নেতৃত্বে একজোট হয়েছিল পাহাড়ের বিভিন্ন দল। সেখানে শামিল হয়েছিলেন বিমল গুরুংও। এমনকী অজয় এডওয়ার্ডের হামরো পার্টিও বিজেপির সঙ্গ লাভ করেছিল। কিন্তু সে অর্থে কোনও ফায়দা তারা তুলতে পারেনি।

বিমল গুরুং জানিয়ে দিয়েছিলেন তিনি শুধু পঞ্চায়েত নির্বাচনের লক্ষ্যেই এই মঞ্চে থাকছেন। লোকসভা নির্বাচন হবে অন্য আঙ্গিকে। তিনি যে বিজেপির বিরুদ্ধে পাহাড়ের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ থেকে সরে আসছেন না তা দ্ব্যর্থহীন ভাষায় বুঝিয়ে দেন। এবং পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালেই তিনি জানিয়ে দেন, লোকসভা নির্বাচনে পাহাড়ে আলাদা সমীকরণ তৈরি হবে।

এখন সেই একই কথা শোনা গেল অনীত থাপার মুখে। জিটিএ চেয়ারম্যান অনীত থাপা সাফ জানিয়েছেন, তিনি কখনই চান না বিজেপি পাহাড়ে ফের এন্ট্রি নিক। পাহাড়ি দলকে ভুল বুঝিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিজেপি এই আসন দখল করে। এবার তাদের সেই সুযোগ দিতে চান না অনীত।

এবার তৃণমূলের একুশের জুলাইয়ের মঞ্চেও একইভাবে গর্জে উঠেছিলন অনীত থাপা। তিনি বলেন, পাহাড়বাসীকে আর মিথ্যা প্রতিশ্রুতিতে ভোলাতে পারবে না বিজেপি। এবার বিজেপির বিরুদ্ধে এককাট্টা হয়ে লড়বে গোটা পাহাড়। এ প্রসঙ্গে তিনি বলেন, প্রয়োজনে বিমল গুরুংদের সঙ্গে হাত মেলাতেও তিনি প্রস্তুত, কিন্তু বিজেপিকে আবার সুযোগ! নৈব নৈব চ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+