কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা, চিকিৎসার জন্য রক্ত দিলেন জুনিয়র ডাক্তাররা, ক্লাব, সংগঠন
ভয়াবহ ট্রেন দুর্ঘটনা উত্তরবঙ্গে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মালগাড়ি এসে ধাক্কা মারে। দুমড়ে মুছড়ে গিয়েছে একাধিক কামরা। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৫ জন মারা গিয়েছেন। আহতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। তাদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।
রক্তের যাতে কোনওরকম অভাব না হয়, সেজন্য লক্ষ্য রাখা হচ্ছে। গরম কালে রক্তের জোগান কম থাকে। চাহিদা অনেকটাই বেড়ে যায়। কিন্তু এখন প্রচুর পরিমাণে রক্ত দরকার। সেই কারণে জুনিয়র ডাক্তার থেকে ক্লাব, সংগঠন ও অনেক সাধারণ মানুষ এগিয়ে এল রক্ত দেওয়ার জন্য।

ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালের পাশাপাশি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের নিয়ে আসা হয়েছে। আহতদের একদিকে চিকিৎসা চলছে। অনেকেই গুরুতর জখম হয়েছেন। মাথা ফেটেছে অনেকের। অন্যান্য অঙ্গ থেকে রক্ত পড়ছে। সেইসব আহতদের অস্ত্রোপচার করা হচ্ছে। কয়েক জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
এদিকে চিকিৎসার জন্য প্রয়োজনে প্রচুর রক্তের দরকার। রক্ত সংকট যাতে না হয়, এগিয়ে এসেছেন বহু মানুষ। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মীরা, জুনিয়র চিকিৎসকরা রক্ত দিচ্ছেন।
পাশাপাশি শিলিগুড়ি, আশপাশ এলাকায় বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থা এগিয়ে এসেছে রক্তদানে। বহু মানুষও এসে রক্ত দিচ্ছেন। সকলেই একযোগে ঝাঁপিয়ে পড়েছেন এই দুর্ঘটনার সময়। এমনটাই জানালেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডিন সঞ্জীব সেনগুপ্ত।
দুর্ঘটনার পর অকুস্থলে যান জেলাশাসক ও পুলিশ সুপার। উদ্ধারকাজ শুরু হয়। পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা দফতরের টিম একযোগে কাজ করে। শিলিগুড়ি মেয়র গৌতম দেব ঘটনাস্থলে গিয়েছেন। দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তাও ঘটনাস্থলে যান।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ৫০ টি অ্যাম্বুলেন্স দুর্ঘটনাস্থল থেকে জখমদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।












Click it and Unblock the Notifications