ভারী বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পংয়ে, ভয়াবহ রূপ নিয়েছে তিস্তা
ভারী বৃষ্টি কিছুতেই পিছু ছাড়ছে না উত্তরবঙ্গের জেলাগুলিকে। আবহাওয়া দফতর মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির কথা আগে জানিয়েছিল। এখন সেই দিন আরও বাড়ল৷ চলতি সপ্তাহে মাঝামাঝি থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। এমন আশঙ্কার কথাই জানাচ্ছে হাওয়া অফিস।
ফলে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলার পরিস্থিতি কেমন থাকবে? ধারাবাহিক ভারী বৃষ্টিতে কতটা বিপর্যয়ের মুখে পড়বে উত্তরের এই তিন জেলা? তাই নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। তির্ষা, তোর্সা দুই নদী কতটা বিপজ্জনক হয়ে উঠবে? সেই দুশ্চিন্তাও তৈরি হয়েছে।

আজ সোমবার ও আগামী কাল মঙ্গলবার বৃষ্টির পরিমাণ সামান্য কমতে পারে। এই কথাই জানা গিয়েছে। তবে বুধবার ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির কথা জানানো হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টি হবে। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। ফলে চলতি সপ্তাহে কতটা বিপজ্জনক পরিস্থিতি হবে পাহাড়ের ? সেই নিয়ে আশঙ্কার মেঘ দেখা গিয়েছে৷
বিপদসীমার উপর দিয়েই বইছে তিস্তা নদী। তোর্সা নদীতেও জল ক্রমশ বাড়ছে। জলপাইগুড়ি জেলার বিভিন্ন অংশে বন্যার আশঙ্কা তৈরি হচ্ছে। দার্জিলিং জেলার একাধিক অংশে খারাপ পরিস্থিতি। কার্শিয়াং শহরের বহু জায়গায় জল দাঁড়িয়ে থাকছে। জমা জলের কারণে বহু রাস্তা এখন চলাচলের অযোগ্য হয়ে পড়ছে।
১০ নম্বর জাতীয় সড়ক এখনও বন্ধ রয়েছে। ১১০ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন জায়গাতেও মাটি ক্ষয়ে যেতে শুরু করেছে বলে খবর। বহু রাস্তা ঘুরে গাড়ি যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষ, পর্যটকদের। ভারী বৃষ্টিতে পাহাড়ি এলাকায় যানজট তৈরি হচ্ছে রাস্তাঘাটে। তিস্তা নদীতে ক্রমাগত জল বাড়ছে। তিস্তা বাজার এলাকায় জল উঠে এসেছে রাস্তায়। বহু জায়গাতেই কমলা সতর্কতা জারি রয়েছে৷












Click it and Unblock the Notifications