শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনে হামলায় তিনদিন পরে গ্রেফতার পাঁচ! এখনও অধরা মূল অভিযুক্ত
রবিবার গভীর রাতে শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনায় গ্রেফতার করা হয়েছে পাঁচজনকে। তবে মূল অভিযুক্ত প্রদীপ রায় এখনও অধরা। প্রসঙ্গত মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অশোকনগরের প্রচার সভা থেকে জানিয়েছিলেন, এব্যাপারে তিনি জানেন না। তবে এই ধরনের ঘটনাকে তিনি সমর্থন করেন না বলেও জানান।
দিন তিনেক আগে রামকৃষ্ণ মিশনের জমি এবং সম্পত্তি দখল করার চেষ্টার অভিযোগ উঠে জমি মাফিয়াদের বিরুদ্ধে। রবিবার গভীর রাতে শিলিগুড়ির সেবক রোডের শালুগাড়ায় অবস্থিত রামকৃষ্ণ মিশনের 'সেবক হাউস' এ ওই ঘটনা ঘটে। রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের মারধর-সহ নানাবিধ কাণ্ড করে অভিযুক্তরা পালিয়ে যায় বলে অভিযোগ।

জানা গিয়েছে, শিলিগুড়ির সেবক রোডের শালুগাড়ায় অবস্থিত সেবক হাউস এক ভক্ত সুনীলকুমার রায় রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষকে দান করেছিলেন। পরবর্তী কালে ওই জমির মালিকানা নিয়ে রামকৃষ্ণ মিশনের সঙ্গে মামলা হয়। তবে আদালতের শেষ রায়ে জমিটি রামকৃষ্ণ মিশনের হাতেই রয়েছে।
দীর্ঘদিন ধরেই ওই জায়গায় বসবাস করে আসছেন রামকৃষ্ণ মিশনের সাধু-সহ অন্য আবাসিকরা। অভিযোগ রবিবার রাতে এলাকার এক জমি মাফিয়া ও প্রায় ত্রিশ চল্লিশজন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র ও অন্য ধারালো অস্ত্র নিয়ে ওই এসাকায় ঢুকে তা দখল নেওয়ার চেষ্টা করে।
দুষ্কৃতীরা নিরাপত্তারক্ষী ও সেখানে বসবাসকারী আশ্রমিকদের মেরে ফেলার হুমকি দিয়ে ওই বাড়ি ছাড়ার হুমকি দেয়। সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলার পাশাপাশি সকলের মোবাইল ফোনও ছিনতাই করে নিয়ে যায়। সেই সঙ্গে কয়েকজন আশ্রমিককে তুলে নিয়ে গিয়ে শিলিগুড়ির বিভিন্ন জায়গায় ছেড়ে দেয় এবং দ্রুত ওই সম্পত্তি না ছাড়া হলে প্রাণে মারার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।
আশ্রম কর্তৃপক্ষ পুরো ঘটনার বিবরণ দিয়ে ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এই অভিযোগ দায়েরের ঘন্টা খানেক পরেই এই হামলায় প্রধান অভিযুক্ত প্রদীপ রায়ও ভক্তিনগর থানায় নিয়ে পাল্টা এফআইআর করে। প্রদীপ রায়ের অভিযোগের পরেই পুলিশ গিয়ে বাড়িটি সিল করে দেয়। যদিও পুলিশ মূল অভিযুক্ত না ধরায় স্বাভাবিকভাবেই প্রশাসনের বিরুদ্ধে প্রশ্ন তোলেন বিরোধীরা।
যদিও মুখ্যমন্ত্রী মঙ্গলবার জানান, তিনি প্রশাসনিকভাবে এই ঘটনা সম্পর্কে বিশেষ কিছু জানেন না। এক সাংবাদিকে কথা উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি পারিবারিক। অনেকেই জমি দেন ধর্মীয় কাজে। সেইরকমই একটা ব্যাপার। তবে এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলে দাবি করেন তিনি।












Click it and Unblock the Notifications