বহরমপুরে ভাগীরথীতে ঝাঁপ 'আটক' যুবকের! দেহ উদ্ধারের পরে উত্তেজনা, সমালোচনার মুখে প্রশাসন
বহরমপুরে মর্মান্তিক ঘটনা। পুলিশে আটক করে নিয়ে যাওয়ার সময় গাড়িতে যুবককে মারধরের অভিযোগ। পুলিশের ভয়ে পালিয়ে গঙ্গায় ঝাঁপ দিয়ে মৃত্যু যুবকের। মৃত যুবকের নাম অতনু ঘোষ। যার জেরে নবগ্রামের পরে কাঠগড়ায় বহরমপুর থানার পুলিশ।
শনিবার রাতে বন্ধুদের সাথে গল্প করার সময় পুলিশ হানা দেয়। পরিবারের অভিযোগ, বিনা কারণে অতনুকে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশ। এমনকি গাড়িতে মারধর করা হয় বলেও অভিযোগ। এরপরেই পুলিশের হাত থেকে বাঁচতে গঙ্গায় ঝাঁপ দেয় ওই যুবক। রবিবার রাতে দেহ উদ্ধার করে পুলিশ। এরপরেই উত্তেজনা ছড়ায়।

পরিবারের অভিযোগ পুলিশই খুন করেছে ওই যুবককে। কেননা শনিবার রাতে মিসিং ডায়েরি করা হলেও পুলিশ বিষয়টিতে গুরুত্ব দেয়নি বলে অভিযোগ। পুরো ঘটনায় তদন্তের আশ্বাস দিয়েছে জেলা পুলিশ।
পুলিশ সূত্রে খবর, আটক করা হয়নি। পুলিশের গাড়ি দেখেই ভয়ে গঙ্গায় ঝাঁপ দেয় ওই যুবক। সাঁতার জানলেও জলের স্রোতে পাড়ে উঠতে পারেনি। যে কারণেই মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি।

গত শুক্রবার নবগ্রামে সিঙ্গারের গোবিন্দ ঘোষ নামের এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। শুক্রবার পুলিশ কর্মীর বাড়ি থেকে চুরি হয়ে যায় তেইশ ভরি সোনা এবং দেড় থেকে ২ লক্ষ টাকা। সেই সন্দেহে নবগ্রামের সিঙ্গার গ্রাম থেকে নবগ্রাম থানার পুলিশ আটক করে নিয়ে আসে গোবিন্দ ঘোষ নামের এক ব্যক্তিকে।
পরে গোবিন্দ ঘোষের মৃত্যুর খবর জানানো হয় পুলিশের তরফে। খবর ছড়িয়ে পড়তেই নবগ্রাম থানা ঘেরাও করে চলে বিক্ষোভ। পরে থানা ঘেরাও করে বিক্ষোভ এবং ইট বৃষ্টি। পরিবারের তরফে হেফাজতে পিটিয়ে খুনের অভিযোগ করা হয়েছে। জেলা পুলিশের তরফে ওসি ও এসআইকে সাসপেন্ড করা হয়।












Click it and Unblock the Notifications