Suvendu Adhikari: বিরোধী দলনেতাকে দেখে চোর চোর স্লোগান, তৃণমূল কর্মীকে তেড়ে গেলেন শুভেন্দু
২১ জুলাইয়ের সভার আগে হুলুস্থূল কাণ্ড রাণাঘাটে। রাজ্যের বিরোধী দলনেতাকে দেখে চোর চোর স্লোগান দিলেন তৃণমূল কংগ্রেস কর্মী। সেনা শুনে গাড়ি থামিয়ে রীতিমতো তৃণমূল কংগ্রেসকর্মীর দিকে তেড়ে যান শুভেন্দু অধিকারী। এমনকী সেখানে থাকা তৃ়ণমূল কংগ্রেস কর্মীদের জুতো খুলে দেখান তিনি।
নদিয়া জেলার গাংনাপুরে ঘটেছে ঘটনাটি। শুক্রবার তিনি নদিয়ার গাংনাপুরে গিয়েছিলেন দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে। লোকসভা ভোটের পর থেকে সেখানে বিজেপি কর্মীদের উপরে হামলার ঘটনা ঘটছে। সেকারণেই তিনি সেখানে গিয়েছিলেন দলীয় কর্মীদের মনোবল বাড়াতে। বিরোধী দলনেতার গাড়ি যে রাস্তা দিয়ে যাচ্ছিল সেখানে আগে থেকেই জমায়েত করে ছিলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা।

শুভেন্দু অধিকারীর কনভয় যাওয়ার সময় চোর চোর স্লোগান দিতে থাকেন তাঁরা। সেই সঙ্গে জয়বাংলা স্লোগানও দিচ্ছিলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। সঙ্গে সঙ্গে সেখানে গাড়ি থামাতে বলেন শুভেন্দু অধিকারী। গাড়ি থেকে নেমে রীতিমতো তৃণমূল কংগ্রেসকর্মীদের দিকে তেড়ে যান তিনি। শুভেন্দু অধিকারী গাড়ি থেকে নেমে আসলছেন দেখেও থেমে যাননি তাঁরা উল্টে আরও জোরে স্লোগান দিতে থাকেন।
তুমুল উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে। শেষে শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষীরা এগিয়ে আসেন পরিস্থিতি সামাল দিতে। পুলিশকর্মীরা সেখান থেকে তৃণমূল কংগ্রেস কর্মীদের সরানোর চেষ্টা করতে থাকেন। সেখান থেকে বেরিয়ে এসে শুভেন্দু অধিকারী রীতিমতো হুঙ্কার দিয়ে বলেছেন, যে কয়েকজন বিক্ষোভ দেখাতে এসেছিল প্রত্যেককে ঘরে ঢুকিয়ে দিয়েছি। প্রত্যেককে ধরে ধরে চিহ্নিত করে আদালতে মামলা করবেন বলে জানিয়েছেন। এমনকী গাংনাপুরের ওসির বিরুদ্ধেও আদালতে মামলা করার হুঙ্কার দিয়েছেন বিরোধী দলনেতা।
প্রসঙ্গত উল্লেখ্য এবারের লোকসভা নির্বাচনে রাণাঘাট দক্ষিণ কেন্দ্রটি হাতছাড়া হয়েছে বিজেপির। তারপর থেকে সেই লোকসভা কেন্দ্রে একাধিক জায়গায় বিজেপি কর্মীরা ভোট পরবর্তী হিংসার শিকার হয়েছেন। সেকারণেই শুক্রবার সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে নদিয়ার গাংনাপুরে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী।












Click it and Unblock the Notifications