অধীর গড়ে দাঁড়িয়ে ভুল সংশোধনের ডাক শুভেন্দু'র! বললেন, 'তোলামুল ধ্বংস করবই'
মুর্শিদাবাদে এসে "ভুল সংশোধন" করার কথা উঠে এল শুভেন্দু অধিকারীর মুখে। সোমবার মুর্শিদাবাদ জেলার শক্তিপুরে সভার আয়োজন করা হয়। দক্ষিণ মুর্শিদাবাদ জেলা বিজেপি'র পক্ষ থেকে আবাস যোজনা দুর্নীতি সহ একাধিক বিষয় নিয়ে সভার ডাক
মুর্শিদাবাদে এসে "ভুল সংশোধন" করার কথা উঠে এল শুভেন্দু অধিকারীর মুখে। সোমবার মুর্শিদাবাদ জেলার শক্তিপুরে সভার আয়োজন করা হয়। দক্ষিণ মুর্শিদাবাদ জেলা বিজেপি'র পক্ষ থেকে আবাস যোজনা দুর্নীতি সহ একাধিক বিষয় নিয়ে সভার ডাক দেওয়া হয়।

এদিন মঞ্চে বলতে উঠে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, " এই জেলায় তৃণমূলের অস্তিত্ব ছিল না। এই জেলায় চোরেদের পার্টি সৃষ্টি করেছিলাম। তার ভুল সংশোধন করে আমি এই জেলায় তোলামুল ধ্বংস করার কাজ করবো"।
শুধু তাই নয়, শুভেন্দুর দাবি, হাতের তালুর মতো তিনি চেনেন এই জেলাকে। এদিন জনসভার শুরু থেকেই শুভেন্দু একেবারে আক্রমণাত্মক ছিলেন। তাঁর নিশানায় ছিল শাসকদল তৃণমূল। এদিন একাধিক ইস্যুতে তৃণমূল এবং রাজ্য সরকারকে আক্রমণ শানান তিনি। বলে রাখা প্রয়োজন, শক্তিপুর রেল স্টেশন মাঠে এদিন বিজেপির তরফে এই সভার আয়োজন করা হয়। সভায় শুভেন্দু ছাড়াও ছিলেন বিজেপি'র জেলার নেতারা।
আর সেই সভা থেকেই পঞ্চায়েতে শুধুই চুরি, দুর্নীতি হয়েছে বলে দাবি করেন শুভেন্দু। মুর্শিদাবাদ জেলার উন্নয়ন নিয়ে শুভেন্দু নিশানা করেছে তৃণমূল কংগ্রেসকে। শুভেন্দু দাবি করেন, মেডিক্যাল কলেজ মোদীজির অবদান। ইউনিভার্সিটির ছাতা নেই, মাথা নেই। চাষিরা মূল্য পায় না" বলে আক্রমণ বিরোধী দলনেতার। এছাড়াও ফের একবার তথাকথিত কংগ্রেস গড় থেকে আবাস যোজনা নিয়ে সুর চড়িয়েছেন তিনি। বিজেপি কর্মীদের শুভেন্দু বলেন, ''আবাস যোজনায় মণ্ডলের মাধ্যমে তালিকা দিতে পারবেন? আইডি ধরে তালিকা দিন। যদি দিতে পারেন। আদায় করে নেবো। চোরেদের কাছে টাকা আদায় করবো"।
পাশাপাশি বিরোধী দলনেতা এদিন আরও দাবি করে বলেন, রাজ্যে ১৪ জেলায় কেন্দ্রের বিশেষ তদন্তকারী দল আসছে। এমনকি মুর্শিদাবাদ জেলাতেও কেন্দ্রীয় দল আসবে বলে জানিয়েছেন তিনি। একমাত্র তাঁর অর্থাৎ বিরোধী দলনেতার অভিযোগের ভিত্তিতেই এই কেন্দ্রীয় দল বাংলাতে আসছে বলে এদিন আরও একবার দাবি করেন শুভেন্দু অধিকারী। তাঁর মতে, সব গ্রাম কেন্দ্রীয় দল চষে ফেলবে ।
বলে রাখা প্রয়োজন, পঞ্চায়েতের আগে বিরোধীদের হাতে আবাস দুর্নীতি বড় ইস্যু। আর এই কেলেঙ্কারিতে একের পর এক তৃণমূল পঞ্চায়েতের নাম সামনে এসেছে। যা নিয়ে চরম অস্বস্তি শাসকদল। ইতিমধ্যে বাংলার দুই জেলাতে এসেছে কেন্দ্রের প্রতিনিধি দল। একেবারে সরজমিনে মালদহ এবং মেদিনীপুর জেলার পরিস্থিতি খতিয়ে দেখে গেছেন তাঁরা। এবার বাকি জেলাতেও কেন্দ্র প্রতিনিধি দল পাঠাচ্ছে বলে বিস্ফোরক দাবি বিরোধী দলনেতার।












Click it and Unblock the Notifications