প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা বাংলায় পুরোদমে চালু হচ্ছে, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দুর
পশ্চিমবঙ্গ রাজ্যে অবশেষে পুরোদমে চালু হতে চলেছে কেন্দ্রীয় প্রকল্প 'প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা'। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথগ্রহণের পরপরই সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা দেওয়ার আশ্বাস ছিল, আর তারই ধারাবাহিকতায় এই পদক্ষেপ। নবান্নে একটি উচ্চপর্যায়ের বৈঠকে দ্রুত এই প্রকল্প বাস্তবায়নের কৌশল নিয়ে আলোচনা হয়েছে।
শুক্রবার মুখ্যসচিব মনোজ আগরওয়ালের সভাপতিত্বে নবান্নে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। কেন্দ্রের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (MSME) মন্ত্রকের অতিরিক্ত সচিব ও উন্নয়ন কমিশনার ড. রজনীশ এতে উপস্থিত ছিলেন। এই বৈঠকে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা কীভাবে দ্রুত বাংলায় কার্যকর করা যায়, সেই বিষয়ে বিশদ আলোচনা হয়েছে বলে খবর।

রাজ্যে পালাবদলের পর নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগের তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী সরকার ইচ্ছাকৃতভাবে এই প্রকল্প রাজ্যে কার্যকর করতে দেয়নি। তাঁর কথায়: "আমাদের কামার, কুমোর থেকে, কুম্ভকার, স্বর্ণকার থেকে, মালাকার থেকে, তাঁতি থেকে, নাপিত থেকে সবাই যারা ৮ লক্ষ ৬৫ হাজার আবেদন করে রেখেছিলেন, আগের সরকার এই আবেদন তাদের জেলাশাসকদের দিয়ে কেন্দ্রের এমএসএমই দফতরে পাঠাতে দেননি। আমরা দ্রুত সেই ৮ লক্ষ ৬৫ হাজার আবেদন পত্রকে পাঠানোর ব্যবস্থা নিলাম।"
উল্লেখ্য যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর দেশজুড়ে 'প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা' চালু করেন। ক্ষুদ্র, মাঝারি ও কুটিরশিল্প (MSME) মন্ত্রকের অধীনে পরিচালিত এই প্রকল্পের মূল লক্ষ্য হল দেশের শিল্পী ও কারিগরদের আর্থিক ও সামাজিক উন্নয়ন ঘটানো। এটি দেশের উৎপাদনকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ।
প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার আওতায় কারিগরদের জামানতবিহীন ঋণের সুবিধা দেওয়া হয়। এছাড়াও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, আধুনিক যন্ত্রপাতির জন্য আর্থিক সহায়তা, ডিজিটাল লেনদেনের ইনসেন্টিভ এবং বাজার সংযোগের মতো সুবিধা প্রদান করা হয়। এই প্রকল্প বাংলায় চালু হলে ৮ লক্ষ ৬৫ হাজারেরও বেশি আবেদনকারী সহ বিপুল সংখ্যক মানুষ আর্থিকভাবে উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। এর দ্রুত বাস্তবায়নের জন্য একটি নজরদারি কমিটি এবং 'জেলা বাস্তবায়ন কমিটি' গঠন করা হয়েছে।












Click it and Unblock the Notifications