লোকসভায় প্রার্থী তালিকা নিয়ে কটাক্ষ! তৃণমূলের নিচুতলার কর্মী ও বাম-কং-আইএসএফ জোট নিয়ে যা বললেন মহঃ সেলিম
লোকসভা নির্বাচনের জন্য তৃণমূল তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় নবীন-প্রবীণের মিশেল থাকলেও একটা সময় বহিরাগত প্রশ্নে বিজেপিকে নিশানা করা তৃণমূল এবার নিজেরাই পড়ে গিয়েছে আতান্তরে। বিরোধীদের মোকাবিলায় তিন বহিরাগতকে প্রার্থী করেছে তারা। যা নিয়ে এদিন মুর্শিদাবাদের ভগবানগোলায় কটাক্ষ করেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহঃ সেলিম।
ইন্ডিয়া ব্লক প্রসঙ্গে তিনি বলেন, যেদিন তা তৈরি হয়েছিল সিপিআইএম তখন বলেছিল, এটা সর্বভারতীয় নির্বাচনী জোট নয়। সর্বভারতীয় স্তরে কোনও আসন সমঝোতা হবে না। এখন সিপিআইএমের তরফে কংগ্রেসকে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে বলে জানিয়েছেন তিনি। সিপিআইএম রাজ্য সম্পাদক আরও বলেছেন, বামেরা বেশি দিন অপেক্ষা করতে পারবে না। তিনি জানিয়েছেন, রাজ্য কংগ্রেসের সঙ্গে কিছুটা কথা হয়েছে, আই এস এফ এর সঙ্গে কথা হয়েছে। বিজেপি-তৃণমূল বিরোধী সব শক্তিকে একসঙ্গে করে লড়াইয়ের ডাক দিয়েছেন তিনি।

এদিনে তৃণমূলের ব্রিগেডে অন্যতম আকর্ষণ ছিল র্যাম্প। যা নিয়ে কটাক্ষ করতে গিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক মহঃ সেলিম বলেন, ফ্যাশন শো করার জন্য ল্যাম্প লাগে। ফ্যাশন প্যারেড করলে র্যাম্প লাগে, এটা সবাই জানে।
তৃণমূলের প্রার্থী তালিকা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, শুধু বহরমপুরে নয় বর্ধমান-দুর্গাপুরেও দেখা গিয়েছে দিল্লি থেকে প্রার্থী নিয়ে আসা হয়েছে। তিনি বলেন, তৃণমূল যখন তৈরি হয়েছিল তখন বলা হয়েছিল, নিচুতলা থেকে কর্মীদেরকে তৈরি করে নেতা বানানো হবে। এখন নায়ক-নায়িকা, গায়ক-গায়িকা সবাই পুরনো হয়ে গিয়েছেন। তাই পাড়ি দিয়েছেন অন্য জায়গায়।
মহঃ সেলিম কটাক্ষ করতে গিয়ে বলেন, ভবিষ্যতে হলিউড থেকে প্রার্থী নিয়ে আসা হবে। আপাতত ধারে-কাছ থেকে নিয়ে আসা হচ্ছে। বিধানসভা নির্বাচনের সময় বাংলা বাংলার মেয়েকে চায়, বলেছিলেন তৃণমূল নেত্রী। আর তৃণমূল বাংলার ছেলেকে চায় না, এটা বোঝা গেল। এখানকার ছেলেরা পরিযায়ী শ্রমিক হবে, পরিযায়ী শ্রমিকের কাজ করবে। আর তৃণমূল অন্য রাজ্য থেকে বিজেপির কাছ থেকে ব্যক্তিত্ব নিয়ে এসে এখানে নির্বাচনে লড়াই করবে।
রাজ্যে নির্বাচনী জোট নিয়ে মহঃ সেলিম বলেন, কংগ্রেস ও আইএফএস-এর সঙ্গে কথা চলছে, এটা দ্রুত নিষ্পত্তি করা হবে। এই ঐক্যকে সেলাই করতে হয়, ধৈর্য ধরে সূচের মধ্যে সুতো গলাতে হয়। তিনি বলেন, বামেরা মানুষের মধ্যে বিজেপি-তৃণমূল বিরোধী ঐক্য গড়ে তুলছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলছেন, তিনি একা, বলেন মহঃ সেলিম।
সোমবার পলিটব্যুরো বৈঠক রয়েছে। সংসদীয় নির্বাচনের ব্যাপারে পলিটব্যুরো সিদ্ধান্ত নেয়। মহঃ সেলিম বলেছেন, বাম-কংগ্রেস-আইএসএফ জোট নিয়ে বামফ্রন্টে আলোচনা হবে। বামফ্রন্টে কথা বলে সিপিআইএম প্রার্থী ঘোষণা করবে বলে জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications