খোকাবাবুর ওপরে আক্রমণ সইতে পারেন না দিদি! তৃণমূলের রাজনৈতিক সংস্কৃতি নিয়ে কটাক্ষ অধীরের
দিদি সব কিছু সহ্য করতে পারেন, কিন্তু খোকাবাবুর ওপরে আক্রমণ সহ্য করতে পারেন না। এদিন বহরমপুরে এমনটাই মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এদিন তিনি গ্রেফতার হওয়া কুড়মি নেতাদের পাশে দাঁড়িয়েছেন।
১২ জুন পটনায় নীতীশ কুমারের ডাকে বিরোধী দলগুলির বৈঠক নিয়ে অধীর চৌধুরী বলেন, এটা নতুন কিছু নয়। এর আগে নীতীশ কুমার যখন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, সেই সময় খাড়গে বলেছিলেন, ভারতবর্ষের অনেক আঞ্চলিক দল আছে যাদের কংগ্রেসের সঙ্গে মিশতে অসুবিধা হয়। তাদের অনেক রকমের রিজার্ভেশন আছে।

তিনি নীতীশ কুমারকে বলেছিলেন, তাঁর (নীতীশ) যাঁকে যাঁকে মনে হবে ডেকে পাঠান। আর নীতীশ কুমার কংগ্রেসকে ডেকেছেন, তাই কংগ্রেস সেখানে যাবে। নীতীশ কুমার যাঁদেরকে ডেকেছেন তাঁরা যাবেন সেখানে। বিরোধী জোট নিয়ে এমনটাই জানিয়েছেন অধীর চৌধুরী।
বড়ঞায় বোমার আঘাতে তৃণমূল কর্মীর মৃত্যু প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন, কিছু দিন আগে নওদায় বোমা বিস্ফোরণ হয়েছিল। এবার বড়ঞায় মারা গেন তৃণমূল কর্মী। পঞ্চায়েত নির্বাচনের বখড়া নিয়ে খুনোখুনি বলে মন্তব্য করেছেন অধীর। তিনি বলেন, পশ্চিমবঙ্গের তৃণমূল যে রাজনৈতিক সংস্কৃতি তৈরি করেছে, তা হল জনগণের টাকা মেরে খাওয়া, মানুষকে ধোঁকা দিয়ে খাওয়া।
অধীর চৌধুরী বলেন, তৃণমূলের সংস্কৃতি হল, মানুষকে প্রতারণা দিয়ে রোজগার করা। বড়ঞার বিধায়ক বর্তমানে জেলে আছে। আর যাঁরা বাইরে রয়েছে, তাঁরা বখড়া নিয়ে মারামারি করছে। এখন মাংস টুকরো আর কুকুর হাজার। কে ভাগ পাবে সেই নিয়ে মারামারি চলছে বলে কটাক্ষ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি মুর্শিদাবাদে খুনে রাজনীতি বনধে আহ্বান জানিয়েছেন।

প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, কুড়মি নেতাদের গ্রেপ্তার করা অন্যায় হচ্ছে। খোকাবাবুর ওপরে আক্রমণ করতে গিয়ে সেটা যদি অপরাধের তালিকায় চলে যায়, এর থেকে দুর্ভাগ্যের কিছু নেই। যে হাঁসদার কথা বলা হচ্ছে, যার গাড়ি ভাঙচুর করা হয়েছে, তাঁর গাড়িতে তো অ্যাটম বম্ব পড়েনি। তৃণমূল এখন কুড়মিদের ওপরে আক্রমণ করছে বলে অভিযোগ করেছেন অধীর।
অধীর চৌধুরী কটাক্ষ করে বলেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী সবকিছু অপমান সহ্য করতে পারলেও খোকাবাবুর ওপরে আক্রমণ সহ্য করতে পারেন না। তৃণমূলের হাতিয়ার নবজোয়ার রেডিও সম্পর্কে তিনি বলেন, আগামী দিনে তৃণমূল সব যুবককে বিনামূল্যে মদ দেবে। বেকারদের বিনামূল্যে মদ ও জুয়ার ব্যবস্থা করবেন। আর কত করবেন দিদি, প্রশ্ন অধীর চৌধুরীর।

অধীর চৌধুরী বিজেপিকে নিশানা করতে গিয়ে বলেন, আজ সরকার ব্যর্থ, বিজেপি সরকার ব্যর্থ। ডাবল ইঞ্জিন সরকার ব্যর্থ। কেন্দ্রে বিজেপির সরকার, মনিপুরেও বিজেপির সরকার। কিন্তু তারা আজ মনিপুরে গণ্ডগোল থামাতে পারছে না। তিনি বলেন, এই ঘটনায় চিনের সুবিধা হবে।
বাংলাতে তৃণমূলের মুখোশ খুলে গিয়েছে। আর বিজেপির দ্বারা কিছু হবে না। এদিন এমনটাই মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি কটাক্ষ করে বলেছেন, বিজেপি এখন সংবাদমাধ্যমে ঢুকে গিয়েছে। বিজেপিকে টিভিতে দেখা যায়, রাস্তায় দেখতে পাওয়া যায় না।












Click it and Unblock the Notifications