WFI Election: ভারতের কুস্তি ফেডারেশনের নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ, সভাপতি পদে লড়ছেন ব্রিজ-ঘনিষ্ঠ সঞ্জয়
WFI Election: ভারতের কুস্তি ফেডারেশনের নির্বাচন ১২ অগাস্ট। তার আগে চূড়ান্ত হয়ে গেল প্রার্থী তালিকা। যৌন নির্যাতন কাণ্ডে অভিযুক্ত ফেডারেশনের বিদায়ী সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিং বা তাঁর পরিবারের কেউ নির্বাচনে লড়ছেন না।
যদিও সভাপতি পদে লড়ছেন ব্রিজ ভূষণের অত্যন্ত ঘনিষ্ঠ সঞ্জয় কুমার সিং। তিনিও উত্তরপ্রদেশেরই বাসিন্দা। তাঁর বিরুদ্ধে লড়ছেন ২০১০ সালের কমনওয়েলথ গেমসে সোনাজয়ী অমিতা শেওরান।

আজ যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে চারজন সহ সভাপতির দৌড়ে রয়েছেন পাঁচ প্রার্থী। তাঁদের মধ্যে অন্যতম ১৯৭৮ সালে ব্যাঙ্কক ও ১৯৮৬ সালে সিওল এশিয়ান গেমসে সোনাজয়ী কর্তার সিং। ক্রীড়া প্রশাসনেও তাঁর বিপুল অভিজ্ঞতা রয়েছে। ভারতের কুস্তি ফেডারেশনের সেক্রেটারি-জেনারেলের দায়িত্ব সামলেছেন কর্তার।
সহ সভাপতি পদের লড়াইয়ে কর্তারের সঙ্গে রয়েছেন বাংলা থেকে অসিত কুমার সাহা, দিল্লি থেকে জয় প্রকাশ, মধ্যপ্রদেশ থেকে মোহন যাদব ও মণিপুরের এন ফোনি। জানা যাচ্ছে, ব্রিজ ভূষণের শিবির থেকে ১৫টি পদের জন্যই মনোনয়ন জমা দেওয়া হয়েছে। নির্বাচনের মাধ্যমেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদ দখলের ব্যাপারে ব্রিজ শিবির এগিয়ে বলে ফেডারেশন সূত্রে খবর।
সভাপতি পদের লড়াই সঞ্জয়ের বিরুদ্ধে সম্মুখ সমরে নামবেন বছর ৩৮-এর অনিতা। বজরং পুনিয়া, ভিনেশ ফোগাট, সাক্ষী মালিক-সহ ছয় তারকা কুস্তিগীর অনিতার প্রতিই সমর্থন জানিয়েছেন। ব্রিজ ভূষণ শরণ সিং যৌন হেনস্থায় অভিযুক্ত। কুস্তিগীররা তাই ফেডারেশনের শীর্ষপদে কোনও মহিলাকেই চাইছেন। যদিও শেষ অবধি অনিতা জিততে পারবেন কিনা তা স্পষ্ট নয়।

ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার যে মামলা হয়েছে তাতে এই অনিতার নাম ছিল সাক্ষী হিসেবে। নির্বাচনের রিটার্নিং অফিসার অবসরপ্রাপ্ত বিচারপতি এমএম কুমার যে তালিকা প্রকাশ করেছেন তাতে দেখা যাচ্ছে দুটি যুগ্ম সচিব পদের লড়াইয়ে আছেন ৪ জন। কর্মসমিতির ৫ সদস্য হওয়ার দৌড়ে মনোনয়ন জমা পড়েছে ৭ জনের।
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদের জন্য অসমের দেবেন্দ্র কাদিয়ানের সঙ্গে লড়াইয়ে রয়েছেন ব্রিজ ভূষণ শিবিরের আইডি নানাবতী। প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদের পাশাপাশি চার সহ সভাপতি, ১ জন সেক্রেটারি-জেনারেল, ১ জন কোষাধ্যক্ষ, ২ যুগ্ম সচিব, ৫ কর্মসমিতির সদস্যের পদের জন্য নির্বাচন হচ্ছে।
ব্রিজ ভূষণের শিবির থেকে বিরোধী শিবিরে গিয়েছেন হরিয়ানার রোহতাশ সিং। তিনি যুগ্ম সচিব পদে লড়ছেন। স্বাভাবিকভাবেই ব্রিজ ভূষণ শিবিরের ভোট তিনি পাবেন না। একনজরে দেখে নেওয়া যাক কে কোন পদের জন্য লড়ছেন:
সভাপতি- অনিতা শেওরান, সঞ্জয় কুমার সিং। সিনিয়র সহ সভাপতি- দেবেন্দ্র কাদিয়ান, আইডি নানাবতী। সহ সভাপতি- অসিত কুমার সাহা, জয় প্রকাশ, কর্তার সিং, মোহন যাদব, এন ফোনি। সেক্রেটারি-জেনারেল- দর্শন লাল, প্রেমচাঁদ লোচাব। কোষাধ্যক্ষ- দুষ্যন্ত শর্মা, সত্য পাল সিং দেশওয়াল। যুগ্ম সচিব- বেল্লিপ্পাডি গুণরঞ্জন শেট্টি, কুলদীপ সিং, আরকে পুরুষোত্তম, রোহতাশ সিং।
কর্মসমিতির সদস্য- অজয় বৈদ, এম লোগানাথন, নেইভিকুয়োলি খাৎসি, প্রশান্ত রাই, রজনীশ কুমার, রাতুল শর্মা, উমেদ সিং।












Click it and Unblock the Notifications