Vinesh Phogat: ভিনেশ কি পাবেন অলিম্পিক্সের রুপো? CAS শুনানি শুরু কখন?
Vinesh Phogat: ভিনেশ ফোগাট অলিম্পিক্সের রুপো পাবেন কিনা তার একমাত্র পথ খোলা রয়েছে। অলিম্পিক্স ফাইনাল থেকে তাঁকে ডিসকোয়ালিফাই করা হয়েছিল ১০০ গ্রাম ওজন বেশি থাকায়।
প্রথমে জানা গিয়েছিল, সারাহ হিল্ডেব্র্যান্ডটকে সোনা জয়ের বাউটে নামতে হবে না। যদিও সেমিফাইনালে যে ইয়ুসনেইলিস গুজম্যানকে ভিনেশ হারিয়েছিলেন তিনিই নামেন ফাইনালে।

গুজম্যানকে ৩-০ ব্যবধানে হারিয়ে মহিলাদের ৫০ কেজি বিভাগে সোনা জিতেছেন হিল্ডেব্র্যান্ডট। রুপো গিয়েছে গুজম্যানের দখলে। ভিনেশ প্রথমে হারিয়েছিলেন বিশ্বচ্যাম্পিয়ন ইউয়ি সুসাকিকে। তিনিই রিপেচেজ বাউটের মাধ্যমে ওকসানা লিভাচকে টেকনিক্যাল সুপিরিয়রিটি ১০-০ ব্যবধানে হারিয়ে জেতেন ব্রোঞ্জ।
ভিনেশ অবশ্য দ্বারস্থ হয়েছেন কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টে। জানা যাচ্ছে, ভিনেশের আবেদনের প্রেক্ষিতে শুনানি শুরু হবে আজ ভারতীয় সময় বিকেল ৫টা নাগাদ। অনলাইনে হবে শুনানি। ভিনেশের হয়ে লড়বেন চার আইনজীবী জোয়েল মনলুই, এস্তেল ইভানোভা, হাবিন এস্তেল কিম ও চার্লস অ্যামসন।
তাঁরা সকলেই প্যারিস বারের 'প্রো বোনো' আইনজীবী। ভিনেশের পক্ষে যদি রায় যায় তাহলে তিনি যুগ্মভাবে প্যারিস অলিম্পিক্সের পদক পাবেন। আর যদি তা না হয়, তাহলে ভিনেশ থাকবেন সমস্ত প্রতিযোগীর নীচে থেকে, অর্থাৎ তাঁকে ডিসকোয়ালিফাই করার সিদ্ধান্ত বহাল থাকবে।
১৯৮৪ সালে তৈরি হয়েছিল কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট। খেলা সংক্রান্ত যাবতীয় জটিলতার স্থায়ী মীমাংসার লক্ষ্যে স্বাধীনভাবে এই সংস্থা কাজ করে থাকে। আরবিট্রেশন কিংবা মধ্যস্থতার মাধ্যমে। এর সদর দফতর সুইৎজারল্যান্ডের লোজানে। নিউ ইয়র্ক সিটি ও সিডনিতেও এর আদালত রয়েছে। অলিম্পিক্স আয়োজক শহরেও থাকে এর অস্থায়ী কোর্ট।
ভিনেশের ইভেন্টের ফাইনালের দিন, গতকাল সকাল স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় দেখা গিয়েছিল ভিনেশের ওজন ১০০ গ্রাম বেশি রয়েছে। সে কারণেই তাঁকে নামতে দেওয়া হয়নি অলিম্পিক্সের নিয়ম মেনে। যদিও ভারতের মেডিক্যাল টিম দাবি করেছিল, আর একটু সময় পাওয়া গেলে এই বাধার মুখে পড়তে হতো না।
ভিনেশ এমনিতেই নিজের বিভাগ ছেড়ে কম ওজনের বিভাগে লড়ছেন প্যারিস অলিম্পিক্সে। ইভেন্টের পর অনেকেরই ওজন বেড়ে যায়। তা নিয়ন্ত্রণ করার জন্য শেষ অবধি চেষ্টা করা হয়েছিল। যদিও কিংবদন্তি কুস্তিগীররাও নিয়মের বদল চান। তাঁদের কথায়, মেয়েদের নানা শারীরিক বিষয় থাকে। তাছাড়া যেহেতু বাউটের পর ওজন বাড়া অস্বাভাবিক নয়, সে কারণে ফাইনালের দিন ১ কেজি ওজনে ছাড় দেওয়া উচিত।
যদিও বিশ্ব কুস্তি সংস্থার নিয়ম অনুযায়ী আমন্ত্রণী প্রতিযোগিতাগুলিতে ওজনের ছাড় দেওয়া হলেও, অলিম্পিক্স বা বিশ্ব চ্যাম্পিয়নশিপ-সহ নানা আসরে সেই ছাড় দেওয়ার নিয়ম নেই। এই পরিস্থিতিতে সকলেরই নজর ক্যাসের শুনানির দিকে।












Click it and Unblock the Notifications