Budget 2024-25: কেন্দ্রীয় বাজেটে সামান্য বরাদ্দ বৃদ্ধি ক্রীড়াক্ষেত্রে, ফের গুরুত্ব পেল খেলো ইন্ডিয়া
Budget 2024-25: কেন্দ্রীয় বাজেটে ক্রীড়াক্ষেত্রে সামান্য বরাদ্দ বৃদ্ধি করা হলো। একইসঙ্গে গুরুত্ব পেল খেলো ইন্ডিয়া। তৃণমূলস্তর থেকে প্রতিভা তুলে আনার লক্ষ্যেই এই প্রকল্প।
ক্রীড়াক্ষেত্রে যে বাজেট বরাদ্দ হয়েছে ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য তাতে বেশিরভাগ পরিমাণই রয়েছে খেলো ইন্ডিয়ার জন্য।

আজ সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বাজেট বক্তৃতায় খেলা সংক্রান্ত কোনও বড় ঘোষণা ছিল না। তবে দেখা যাচ্ছে, চলতি অর্থবর্ষে ক্রীড়া মন্ত্রককে দেওয়া হয়েছে ৩,৪২২.৩২ কোটি টাকা। বিগত অর্থবর্ষে এই বরাদ্দের পরিমাণ ছিল ৩,৩৯৬.৯৬ কোটি টাকা।
খেলো ইন্ডিয়াতে ২০ কোটি টাকা বরাদ্দ বৃদ্ধি হয়েছে। এবার এই প্রকল্পে ৯০০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করা হয়েছে। গত অর্থবর্ষে তা ছিল ৮৮০ কোটি টাকা। প্যারিস অলিম্পিক্স শুরু হতে চলেছে। কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমস ২ বছর দূরে। সম্ভবত সে কারণেই উল্লেখযোগ্য বরাদ্দ বাড়েনি ক্রীড়াক্ষেত্রে।
গত অর্থবর্ষের তুলনায় চলতি অর্থবর্ষে ক্রীড়াক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধি ৪৫.৩৬ কোটি টাকা। বিগত বছরগুলির মতো এবারও কেন্দ্রীয় সরকার গুরুত্ব দিল খেলো ইন্ডিয়াকে। ২০২২-২৩ অর্থবর্ষে খেলো ইন্ডিয়ার জন্য বরাদ্দ ছিল ৫৯৬.৩৯ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবর্ষে তা পৌঁছে গিয়েছিল ৮৮০ কোটি টাকায়।
ফলে এবার যে ঘোষণা হলো তাতে এই কয়েক বছরেই ৪০০ কোটি টাকা বরাদ্দ বাড়ল খেলো ইন্ডিয়ায়। উল্লেখ্য, ২০১৮ সালে খেলো ইন্ডিয়া ইউথ গেমস প্রথমে শুরু হয়েছিল। এরপর ২০২০ সালে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস চালু হয়। ওই বছরই চালু হয় খেলো ইন্ডিয়া উইন্টার গেমস।
গত বছর যোগ হয়েছে খেলো ইন্ডিয়া প্যারা গেমস। দেশের নানা প্রান্তে খেলো ইন্ডিয়া সেন্টার অব এক্সেলেন্স গড়ে তোলা হয়েছে, যার সংখ্যা কয়েকশো। এর মাধ্যমে অ্যাথলিটদের নানাবিধ সুবিধা প্রদান করা হয়। ভারতের হয়ে এবারের অলিম্পিক্সে দেখা যাবে খেলো ইন্ডিয়া অ্যাথলিটদের।
ন্যাশনাল স্পোর্টস ফেডারেশনের জন্য এবারের বাজেটে ১৫ কোটি টাকা বেশি বরাদ্দ করা হয়েছে গত অর্থবর্ষের তুলনায়। ২০২৩-২৪ অর্থবর্ষে যা ছিল ৩২৫ কোটি টাকা, এবার তা বেড়ে হয়েছে ৩৪০ কোটি টাকা। সাই দেশের নানাবিধ স্টেডিয়াম টপস স্কিম দেখভাল করে। সাইয়ের বরাদ্দ ৭৯৫.৭৭ কোটি টাকা থেকে বাড়িয়ে ৮২২.৬০ কোটি টাকা করা হয়েছে। বৃদ্ধি ২৬.৮৩ কোটি টাকার।
ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সির বাজেট গত অর্থবর্ষের ২১.৭৩ কোটি টাকা থেকে বাড়িয়ে এবার ২২.৩০ কোটি টাকা করা হয়েছে। ন্যাশনাল ডোপ টেস্টিং ল্যাবরেটরির জন্য বরাদ্দ সাড়ে ১৯ কোটি টাকা থেকে বাড়িয়ে করা হলো ২২.৩০ কোটি টাকা।












Click it and Unblock the Notifications