অনির্বাণের পর টোকিও অলিম্পিকে ভাগ্যোদয় উদয়নের
অনির্বাণ লাহিড়ির টোকিও অলিম্পিকে অংশগ্রহণের ছাড়পত্র মিলেছে আগেই। এবার তাঁর সঙ্গী হতে চলেছে আরেক গল্ফার উদয়ন মানে। সব কিছু ঠিকঠাক চললে ও অলিম্পিকের মতোই এবার টোকিওতেও গল্ফ কোর্সে পদকের লক্ষ্যে নামবেন ভারতের অন্তত তিন গল্ফার।

টোকিও অলিম্পিক থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্তিনার এমিলিয়ানো গ্রিলো। ক্রমতালিকা ও যোগ্যতামানের মাপকাঠি পূরণ করা ৬০ জন সেরা গল্ফার অলিম্পিকে অংশ নিতে পারেন। তার থেকে কেউ নাম প্রত্যাহার করলে বাকিদের সুযোগ মেলে। সেইমতোই ভাগ্য খুলছে রিজার্ভদের তালিকায় থাকা উদয়ন মানের। আনুষ্ঠানিক ঘোষণাই শুধু বাকি।

বিশ্বের ৭৪ নম্বর গ্রিলো আর্জেন্তিনার একমাত্র গল্ফার যিনি অলিম্পিকের টিকিট পেয়েছিলেন। তাঁর পরে আর্জেন্তিনার থেকে যিনি সেরা গল্ফার সেই ফ্যাবিয়ান গোমেজ রয়েছেন বিশ্বের ৪০৪ নম্বরে। সেখানে উদয়ন আছেন ৩৫৪ নম্বরে। টোকিও অলিম্পিক যথাসময়ে হয়ে রশিদ খানের সঙ্গে উদয়ন মানের টোকিওর টিকিট পাকাই ছিল। কিন্তু করোনা পরিস্থিতিতে অলিম্পিক পিছিয়ে যায়। এশিয়ান ট্যুর ২০২০ সালের মার্চের পর থেকে বন্ধ ছিল। ইন্ডিয়ান ট্যুরের খেলাও বেশি হয়নি। চলতি বছর মার্চে শেষ ইভেন্টটি হয়েছে।

উদয়ন মানে জানিয়েছেন, গত বছর অলিম্পিক হলে জায়গা নিশ্চিতই ছিল। কিন্তু করোনার কারণে বেশিরভাগ ইভেন্ট বন্ধ থাকায় আমার ব্যৃাঙ্কিং পড়ে যায়। কিছু করার ছিল না। তবু শরীরচর্চা ও অনুশীলন চালিয়ে গিয়েছি। আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা রয়েছি। তবে যে অপ্রত্যাশিত সুযোগ এল তাতে ভালোই লাগছে। মহিলাদের বিভাগে অদিতি অশোকের পাশাপাশি ত্বেষা মালিকও পেতে পারেন অলিম্পিকের টিকিট। ডেডলাইন রয়েছে সামনের ২৯ জুন অবধি। চলতি সপ্তাহে প্রথম তিনে থাকলে বা কেউ নাম প্রত্যাহার করলে ত্বেষাও যাবেন টোকিওতে।
ছবি- টুইটার












Click it and Unblock the Notifications