Tokyo Paralympics : করোনাজয়ী সিংহরাজ আধানার সৌজন্যে অষ্টম পদক, এবার শুটিংয়ে ব্রোঞ্জ ভারতের
টোকিও প্যারালিম্পিকের শুটিং ইভেন্ট থেকে ব্রোঞ্জ পদক জিতলেন ভারতের সিংহরাজ আধানা।
টোকিও প্যারালিম্পিকে ভারতের অষ্টম পদকটি এল শুটিং থেকে। পুরুষদের ব্যক্তিগত ইভেন্ট থেকে ব্রোঞ্জ পদক জিতলেন সিংহরাজ আধানা। একই ইভেন্টে এগিয়ে থেকে সপ্তম স্থানে প্রতিযোগিতা শেষ করেছেন ভারতের মনীশ নারওয়াল। সবমিলিয়ে টোকিও প্যারালিম্পিকে শুটিংয়ের সাফল্য অলিম্পিকে সৌরভ চৌধুরী, মনু ভাকরদের ব্যর্থতা চাপা দিল বলা যেতে পারে।

পুরুষদের পিওয়ান ১০ মিটার এয়ার পিস্তল এসএইচ ওয়ান ফাইনালে পিছিয়ে থেকেও দুর্দান্ত কামব্যাক ঘটালেন সিংহরাজ আধানা। ২১৬.৮ পয়েন্ট নিয়ে ওই ইভেন্ট থেকে তিনি ব্রোঞ্জ পদক জিতেছেন। সবমিলিয়ে চলতি প্রতিযোগিতায় ভারতের পদক সংখ্যা আটে গিয়ে পৌঁছলো। দুটি সোনা সহ এই ফলাফল প্যারালিম্পিকের ইতিহাসে ভারতের সেরা। চলতি গেমসের শুটিং বিভাগে এখনও পর্যন্ত মোট দুটি পদক জিততে সক্ষম হল ভারত।
টোকিও প্যারালিম্পিকের একই ইভেন্টে সোনা জিতেছেন চিনের চাও য়াং। ২৩৭.৯ পয়েন্ট অর্জন করে প্যারালিম্পিক রেকর্ড গড়েছেন তিনি। প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন চিনেরই হুয়ান জিং। যিনি ২৩৭.৫ পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়েছেন। একই ইভেন্টে সপ্তম হয়েছেন ভারতের মনীশ নারওয়াল। ১৩৫.৮ পয়েন্ট অর্জন করতে তিনি সক্ষম হয়েছেন। উল্লেখ্য পুরুষদের পিওয়ান ১০ মিটার এয়ার পিস্তল এসএইচ ওয়ান ইভেন্টের যোগ্যতা অর্জন পর্বে ৫৭৫ পয়েন্ট নিয়ে প্রথম হয়েছিলেন মনীশ। ৫৬৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ হয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছিলেন ৩৯ বছরের সিংরাজ আধানা।
প্রথম প্যারালিম্পিকের ফাইনালের শুরুটাও ধীর গতিতে করেছিলেন সিংহরাজ। শুরুর দিকে তিনি পিছিয়ে থাকলেও ধীরে ধীরে নিজেকে এগিয়ে নিজেকে এগিয়ে যান আধানা। তাঁর এই সাফল্যে মুগ্ধ হয়েছে দেশ। আধানাকে শুভেচ্ছা জানিয়েছেন রথী-মহারথীরা। প্যারিলিম্পিক থেকে দেশকে পদক দিতে পেরে গর্বিত সিংহরাজ। গত মে মাসে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সুস্থ হয়ে ওঠার এক মাস পর অনুশীলন শুরু করেছিলেন সিংহরাজ। অতিমারীর ধাক্কা না খেলে তিনি সোনাও জিততে পারতেন বলে বিশ্বাস করেন হরিয়ানার ফরিদাবাদের প্যারা অ্যাথলিট।
It’s Bronze for Singhraj at #Tokyo2020
— SAI Media (@Media_SAI) August 31, 2021
Singhraj clinches 🥉 in P1 Men's 10m Air Pistol SH1 final with 216.8 points
With this, 🇮🇳’s medal tally stands at 8, highest ever at any #Paralympics
Thank you for making #IND proud
Way to go Champ!!#Cheer4India#Praise4Para pic.twitter.com/4AQzg3VrHW
সোমবার টোকিও প্যারালিম্পিকে মহিলাদের ব্যক্তিগত শুটিং ইভেন্টে বিশ্ব রেকর্ড ধরে ইতিহাস রচনা করেন অবনী লেখারা। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ ওয়ান ইভেন্টে ২৪৯.৬ স্কোর করেন অবনী। পুরুষদের ডিসকাস থ্রোর এফ৫৬ ইভেন্টে দ্বিতীয় প্রচেষ্টায় ৪৪.৩৮ মিটার দূরত্ব অতিক্রম করে রুপো জেতেন ভারতের যোগেশ কাথুনিয়া। টোকিও প্যারালিম্পিকের জ্যাভলিন থ্রো ইভেন্ট থেকে রুপো ও ব্রোঞ্জ পদক জিতছেন যথাক্রমে ভারতের দেবেন্দ্র ঝাঝারিয়া ও সুন্দর সিং গুরজার। দিনের শেষে পুরুষদের জ্যাভলিন থ্রোর এফ৬৪ ইভেন্টে সোনা জিতে বৃত্তটা সম্পূর্ণ করেন সুমিত অ্যান্টিল।
গত রবিবার টোকিও প্যারালিম্পিকে মহিলাদের সিঙ্গলস ক্লাস ফোর ইভেন্টের ফাইনালে বিশ্বের এক নম্বর তারকা তথা পাঁচটি প্যারালিম্পিক সোনাজয়ী চিনের ইং ঝউয়ের কাছে স্ট্রেট সেটে হেরেও দেশের জন্য রুপো নিশ্চিত করেছিলেন ভাবিনা প্যাটেল। পুরুষদের হাই জাম্প ইভেন্ট থেকে রুপোর পদক জিতেছিলেন ভারতের নিশাদ কুমার।












Click it and Unblock the Notifications